২৬ আগস্ট, ২০২১ ১১:১৯
দিনাজপুরের চিরিরবন্দরে মা-ছেলেকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় দিনাজপুরে সিআইডির এএসপি, এএসআইসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার।
এদিকে দিনাজপুরের ডিবি পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান মামলা হস্তান্তরের আদেশ হয়েছে জানিয়ে বলেন, এখনও কাগজপত্র হাতে পাইনি।
তিনি বলেন, মামলায় রংপুর সিআইডির এএসপি সারোয়ার কবির, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হক, মাইক্রোবাস চালক হাবিব, নিমনগর বালুবাড়ী এলাকার এনামুল হকের ছেলে ফসিহউল আলম পলাশসহ ৯ জনের নাম রয়েছে। এছাড়া অজ্ঞাত তিন থেকে চার জনকে মামলায় আসামি করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) বিকালে অপহরণের শিকার চিরিরবন্দর উপজেলার নান্দেরাই সালেমান শাহ পাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন।
অপহৃতদের পরিবারের সদস্যরা জানান, গত ২৩ আগস্ট রাতে চিরিরবন্দরের নান্দাই গ্রামের লুৎফুর রহমানের স্ত্রী জহুরা বেগম ও তার ছেলে জাহাঙ্গীরকে অপহরণ করা হয়। এরপর স্বজনদের কাছে মা-ছেলের মুক্তিপণ হিসেবে ১৫ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। পরে ৮ লাখ টাকায় মা-ছেলেকে মুক্তি দিতে রাজি হয় তারা।
মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে টাকা দেয়ার জন্য দিনাজপুর সদরের বাঁশেরহাট এলাকায় যেতে বলে অপহরণকারীরা। বিষয়টি জানানো হলে, ঘটনাস্থলে যায় পুলিশ। টের পেয়ে মাইক্রোবাস নিয়ে পালানোর সময় যানজটে আটকা পড়লে স্থানীয় জনতা ও পুলিশ সদস্যরা তাদের আটক করে।
আপনার মন্তব্য