২৬ আগস্ট, ২০২১ ১৪:৪৪
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমণির জামিন আবেদনের বিষয়টি আগামী দুই কর্মদিবসের মধ্যে নিষ্পত্তি করতে নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।
একই সঙ্গে জামিন আবেদন কেন দ্রুত নিষ্পত্তি হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে বিষয়টি হাই কোর্টকে জানাতে হবে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাই কোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না এতথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২২ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমণির জামিন আবেদন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। এ আদেশের বৈধতা নিয়ে বুধবার আবেদন করা হয়। এতে বিলম্বে জামিন আবেদন শুনানি দিন রাখার যৌক্তিকতা নিয়ে বলার পাশাপাশি পরীমণির জামিনের আরজিও ছিল।
গত ৪ আগস্ট বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় মদ, মাদকসহ তাকে আটক করা হয়। পরে বনানী থানায় পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে র্যাব। এরপর তাকে তিন দফায় মোট সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।
আপনার মন্তব্য