২৭ আগস্ট, ২০২১ ১৩:৫৭
শেরপুর জেলার শ্রীবরদীতে বন বিভাগ কর্তৃক আদিবাসীদের জুমের ফসল কেটে ফেলার প্রতিবাদ ও যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস)।
বৃহস্পতিবার দুপুরে বাগাছাস নালিতাবাড়ী থানা শাখা এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাগাছাস নালিতাবাড়ী শাখার সভাপতি সোহেল রেমা।
বাগাছাস নালিতাবাড়ী শাখার সাধারণ সম্পাদক বাঁধন চাম্বুগং এর সঞ্চালনায় কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অলিক মৃ লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য অলিক মৃ বলেন, গত ১২ আগস্ট শ্রীবরদী উপজেলার অন্তর্গত বালিজুরি খ্রিষ্টান পাড়ায় বন বিভাগ পাঁচটি গারো পরিবারের জুমের ফসল ও বাগান কেটে ফেলে। ওই ঘটনার প্রতিবাদে ও যথাযথ ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ সমাবেশের আহ্বান জানিয়েছিল বাগাছাস নালিতাবাড়ী থানা শাখা। কিন্তু জেলা প্রশাসকের আশ্বাসে বাগাছাস বিক্ষোভ সমাবেশ স্থগিত করে। সংবাদ সম্মেলন করে আমরা চার দফা দাবি উপস্থাপন করছি।
দাবিগুলো হলো ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া, ফসল কাটার সঙ্গে সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তাসহ সবাইকে অপসারণসহ যথাযথ ব্যবস্থা নেওয়া, বিভিন্ন প্রকল্পসহ পর্যটন কেন্দ্র ও সামাজিক বনায়নের নামে উচ্ছেদ ষড়যন্ত্র বন্ধ করা এবং পৃথক স্বাধীন ভূমি কমিশন গঠন।
সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী শাখার সহসভাপতি রাসেল নেংমিনজা, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক সঞ্জিতা চিছাম, শ্রীবরদী শাখার সাংগঠনিক সম্পাদক কাঞ্চন ম্রং, ঝিনাইগাতী শাখার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শান্ত চিরানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য