২৮ আগস্ট, ২০২১ ১৫:১৯
দিনাজপুরের চিরিরবন্দরে মা-ছেলেকে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় গ্রেপ্তার রংপুর সিআইডির এসএসআই ও কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রংপুর সিআইডির ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) আতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হক।
এসপি আতাউর রহমান বলেন, বরখাস্তের নির্দেশনা মৌখিকভাবে এসেছে। কাগজ হাতে পেলেই তা কার্যকর করা হবে।
অপহরণের ঘটনায় করা মামলায় রংপুর সিআইডির এএসপি সারোয়ার কবির, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হক ছাড়াও গ্রেপ্তার করা হয়েছে তাদের বহনকারী গাড়ির চালক মো. হাবিব ও মো. পলাশ নামের আরেকজনকে।
তাদের গত বুধবার সন্ধ্যায় দিনাজপুরের আমলি আদালত-৪-এ তোলা হলে সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি পলাশ। এরপর উদ্ধার হওয়া মা-ছেলের জবানবন্দিও রেকর্ড করা হয়।
আদালতের একটি সূত্র জানায়, পলাশ জবানবন্দিতে বলেছেন, চিরিরবন্দরের লুৎফর রহমান নামের এক ব্যক্তির কাছে তার কিছু টাকা পাওনা ছিল। সেটি আদায় করতে তিনি লুৎফরের বিরুদ্ধে রংপুর সিআইডিতে গিয়ে অভিযোগ করেন।
পলাশ বলেন, এরই পরিপ্রেক্ষিতে লুৎফরের চিরিরবন্দরের বাড়িতে অভিযান চালায় সিআইডির ওই তিন পুলিশ। সে সময় তিনিও তাদের সঙ্গে ছিলেন। লুৎফরকে না পেয়ে তার স্ত্রী জহুরা বেগম ও ছেলে মো. জাহাঙ্গীরকে তুলে নিয়ে যায় পুলিশ।
আপনার মন্তব্য