২৮ আগস্ট, ২০২১ ১৫:৩৮
কোভ্যাক্সের আওতায় আজ (শনিবার) বিকেলে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার ৬ লাখ ৩৫ হাজার ডোজ টিকা আসছে। এরইমধ্যে টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে জাপান ছেড়েছে।
এটি বাংলাদেশকে দেয়া জাপানের পঞ্চম ও শেষ চালান। গতকাল (শুক্রবার) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর জানান।
প্রতিমন্ত্রী শাহরিয়ার বলেন, জাপানের দেয়া প্রতিশ্রুতির অংশ হিসাবে অক্সফোর্ডের ৬ লাখ ৩৪ হাজার নয়শো ডোজ টিকার শেষ চালান আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।
এর আগে জাপান থেকে প্রথম চালানে এ বছর ২৪ জুলাই আসে ২ লাখ ৪৫ হাজার ২শ ডোজ টিকা। দ্বিতীয় চালানে ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩শ ২০ ডোজ, তৃতীয় চালানে ২ আগস্ট ৬ লাখ ১৬ হাজার ৭শ ৮০ ডোজ এবং চতুর্থ চালানে ২০ আগস্ট দেশে আসে ৭ লাখ ৮১ হাজার ডোজ টিকা।
বাংলাদেশকে উপহার হিসাবে মোট ৩০ লাখ ডোজ টিকার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল জাপান।
আপনার মন্তব্য