৩০ আগস্ট, ২০২১ ১৩:৪৮
জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় আগামীকাল মঙ্গলবার রাত থেকে যে কোনো ধরনের অস্ত্র বহন, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মঙ্গলবার রাত ১২টা থেকে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় যে কোনো ধরনের অস্ত্র বহন, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যে কোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরোনো বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্বপ্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্বপ্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিপথে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
সংসদের চতুর্দশ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আপনার মন্তব্য