সিলেটটুডে ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২১ ১৫:৪৭

পরীমণির মামলার প্রতিবেদন ১০ অক্টোবর

আগামী ১০ অক্টোবর  চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১৫ সেপ্টেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্যের কথা থাকলেও মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। ফলে ঢাকা মহানগর হাকিম প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।

এর আগে বুধবার বেলা ১১টার দিকে কালো রঙের একটি গাড়িতে করে আদালতে পৌঁছান চিত্রনায়িকা পরীমণি। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে তিনি উপস্থিত হয়ে হাজিরা দেন।

পরীমণির আইনজীবী মজিবুর রহমান জানান, আজ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের কথা ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় মহানগর হাকিম প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেছেন।

এর আগে গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে পরীমণির জামিন মঞ্জুর করেন।

গত ২২ আগস্ট কে এম ইমরুল কায়েশের আদালতেই পরীমণির জামিন আবেদন করেছিলেন তার আইনজীবী মজিবুর রহমান। তখন আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন। এতদিন পরে শুনানির দিন ধার্য করায় পরীমণির আইনজীবীরা হাইকোর্টে যান। তারা দ্রুত জামিনের আবেদন করেন। হাইকোর্টের নির্দেশে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ জামিন শুনানির দিন এগিয়ে ১৩ সেপ্টেম্বরের বদলে ৩১ আগস্ট ধার্য করেন।

গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‌্যাব। এ সময় পরীমণির বাসায় বিভিন্ন ধরনের মাদক পাওয়া গেছে বলে জানায় র‌্যাব। পরদিন ৫ আগস্ট র‌্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন।

এরপর ৩ দফায় মোট ৭ দিনের রিমান্ডে নেওয়া হয় পরীমণিকে। প্রথম দফায় ৫ আগস্ট ৪ দিন, দ্বিতীয় দফায় ১০ আগস্ট ২ দিন ও ৩য় দফায় ১৯ আগস্ট ১ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত