নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০২৬ ০১:১৭

সিলেটে একসঙ্গে ছাত্রদল ও যুবদলের নেতৃত্বে দিনার, কীভাবে সামলাবেন?

রোববার সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল। ঘোষিত কমিটিতে সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক হয়েছেন দেলোয়ার হোসেন দিনার। তিনি বর্তমানে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এক ব্যক্তি একইসঙ্গে ছাত্রদল ও যুবদলের শীর্ষ পদ পাওয়ায় প্রশ্ন দেখা দিয়েছে। তিনি একসাথে দুই সংগঠন কীভাবে সামলাবেন এ প্রশ্ন দেখাঁ দিয়েছে।

অবশ্য দিনার জানিয়েছেন, তিনি শিগগিরই জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করবেন।

২০১৮ সালের ১৩ জুন সিলেট জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে আলতাফ হোসেন সুমনকে সভাপতি ও দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করা হয়। প্রায় আড়াই বছর পর ২০২১ সালের ফেব্রুয়ারিতে এই কমিটি পূর্ণাঙ্গ করা হয়। ফলে প্রায় ৮ বছর ধরে সিলেট জেলা ছাত্রদলের নেতৃত্বে আছেন দিনার।

এরমধ্যে রোববার সিলেট জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া সাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তি মাধ্যমে এ দুটি কমিটি অনুমোদনের কথা জানানো হয়।

জেলা যুবদলের কমিটিতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আবদুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া মহানগর যুবদলের কমিটিতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি ও দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে থাকা দেলোয়ার হোসেন দিনারকে মহানগর যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

একসঙ্গে ছাত্রদল ও যুবদলের নেতৃত্বে থাকা প্রসঙ্গে দেলোয়ার হোসেন দিনার সোমবার সিলেটটুডেকে বলেন, শিগগিরই জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হবে। তবে তার আগেই আমি ছাত্রদলের দায়িত্ব থেকে পদত্যাগ করব। আমি এ ব্যাপারে ইতোমধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ করে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছি।

রোববার জেলা ও মহানগরের আংশিক কমিটিতে পাঁচজনের নাম ঘোষণা করা হয়েছে। জেলার দায়িত্বশীলরা হলেন- সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সিনিয়র সহসভাপতি কয়েস আহমদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম টিপু, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাশরুর রাসেল, সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব।

মহানগর যুবদলের সভাপতি হয়েছেন মির্জা মোহাম্মদ সম্রাট, সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহদী প্রিন্স ও সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ।

উভয় কমিটির দায়িত্বশীলদের ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে দেলোয়ার হোসেন দিনার বলেন, আমরা নির্ধারিত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করব। আমরা জানি কারা ত্যাগী ও যোগ্য। ফলে পূর্ণাঙ্গ কমিটি গঠনে সমস্যা হবে না।

আপনার মন্তব্য

আলোচিত