সিলেটটুডে ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০২১ ১১:১৪

উখিয়ায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

কক্সবাজারের উখিয়া সীমান্ত সংলগ্ন এলাকায় বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতনামা এক মাদক কারবারি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ইয়াবাসহ অস্ত্র ও গুলি উদ্ধার করে বিজিবির ৩৪ ব্যাটালিয়ন।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, বুধবার রাত ৮ টার দিকে উখিয়া উপজেলা সীমান্ত সংলগ্ন রত্নাপালং ইউনিয়নের করইবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

তবে নিহতের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি বলে জানিয়ে আলী হায়দার বলেন, রাতে উখিয়ার সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে একটি দল রত্নাপালং ইউনিয়নের করইবুনিয়া এলাকায় অবস্থান নেয়।

এক পর্যায়ে মিয়ানমার সীমান্ত দিক থেকে ৪/৫ জনের সন্দেহজনক একটি দল আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন।

এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকগুলো দুইভাগে বিভক্ত হয়ে যায়। পরে তারা অতর্কিতে বিজিবির সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। বিজিবির সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। এক পর্যায়ে হামলাকারীরা পিছু হটে পাহাড়ি এলাকার ভিতর দিয়ে মিয়ানমার দিকে পালিয়ে যায়।

পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। এসময় ঘটনাস্থলে পাওয়া যায় ৫০ হাজার ইয়াবা, ১ টি দেশিয় তৈরি বন্দুক ও ২ টি গুলি। গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তি ও হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

আলী হায়দার জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত