সিলেটটুডে ডেস্ক

০৯ অক্টোবর, ২০২১ ১২:০০

১০ কোটি টাকার আইস উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২

পশ্চিমা বিশ্বে ব্যাপক পরিচিত আইস বা মেথ নামের ভয়ানক মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ অক্টোবর) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার তেমুহানি এলাকা থেকে ১০ কোটি টাকা মূল্যের ২ কেজি আইসসহ তাদের গ্রেপ্তার হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকার গুরু মিয়ার ছেলে ফয়সাল আহমেদ (৩৬), সে পেশায় একজন ট্রাকচালক। গ্রেপ্তার অপর ব্যক্তি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা অঞ্জুর হোসেনের ছেলে জাহেদ আলম (২২), সে ওই ট্রাকচালকের সহযোগী।

পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রামে এ পর্যন্ত উদ্ধার করা ক্রিস্টাল মেথের চালানের ভেতর এটিই সর্বোচ্চ।

সাতকানিয়া-লোহাগড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাকারিয়া রহমান জিকু বলেন, সাতকানিয়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের তেমুহানি এলাকার কেওচিয়ায় অভিযান চালানো হয়। এসময় রোহিঙ্গাসহ ১০ কোটি টাকা মূল্যের দুইকেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। এ মাদকটিতে ১০০% মেথামফেটামাইন রয়েছে, যা ইয়াবার চেয়েও ক্ষতিকর। টেকনাফ থেকে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে এগুলো নিয়ে যাচ্ছিল তারা।

প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতরা জানায়, ঘটনাটির সঙ্গে ট্রাকটির মালিকও সংশ্লিষ্ট।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মিনি ট্রাকটির এসির ভেতর মেথ লুকানো ছিল।  এ ঘটনায় গ্রেপ্তার দুইব্যক্তিসহ মোট তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত