১০ অক্টোবর, ২০২১ ১২:২৭
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বসেছে রিঅ্যাক্টর প্রেশার ভেসেল বা পরমাণু চুল্লিপাত্র। এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১০ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে চুল্লিপাত্রের স্থাপনকাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বড় ধরনের অগ্রগতির সূচনা হলো।
রাশিয়া থেকে এ চুল্লি দেশে আসে ২০২০ সালের অক্টোবরে। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার (আইইএ) মান অনুসরণ করে এ চুল্লিপাত্র স্থাপন করা হচ্ছে।
দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ২০২৩ সালের এপ্রিলে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ করতে চায় রূপপুর কর্তৃপক্ষ। আর ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
রূপপুরের কর্মকর্তারা বলছেন, রূপপুরে ইউনিট–১–এর ভৌত কাঠামোর ভেতরে চুল্লিপাত্র স্থাপনের মধ্য দিয়ে এ ইউনিটের কাজ শেষের পর্যায়ে। এ যন্ত্রের মধ্যেই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে ইউরেনিয়াম লোড করা হয়। এরপর আগামী নভেম্বরে স্টিম জেনারেটর স্থাপনের মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ভৌত কাঠামোয় পারমাণবিক যন্ত্রাংশ স্থাপন শেষ হবে। চলতি বছরের মধ্যেই প্রকল্পের ৫০ ভাগ কাজ শেষ হবে বলে জনিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।
পাবনার রূপপুরে ১ লাখ ১৩ হাজার কোটি টাকার বেশি ব্যয়ের এই প্রকল্পের প্রায় ৯০ ভাগ টাকা ঋণ দিয়েছে রাশিয়া। আন্তঃরাষ্ট্রীয় কয়েকটি চুক্তির মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করছে রাশিয়ান ঠিকাদার প্রতিষ্ঠান এটমস্ট্রয় এক্সপোর্ট।
২০২৩ সালে প্রথম ইউনিট থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট ও ২০২৫ সালে দ্বিতীয় ইউনিট থেকে একই পরিমাণ বিদ্যুৎ পাওয়ার কথা।
আপনার মন্তব্য