সিলেটটুডে ডেস্ক

১০ অক্টোবর, ২০২১ ১৯:২৯

প্রধানমন্ত্রী অসলো পর্যন্ত গেলে নোবেলের সম্ভাবনা বাড়ত: জাফরুল্লাহ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নোবেল পুরস্কার না পাওয়া দুঃখজনক, এমনই মন্তব্য করেছেন বিএনপিপন্থী বুদ্ধিজীবী ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী হেলসিঙ্কি গেলেন, যদি অসলো পর্যন্ত যেতেন, তাহলে হয়ত নোবেল পুরস্কার পাওয়ার সম্ভাবনা বেড়ে যেত। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য তার নাম নোবেল পুরস্কারের শর্ট লিস্টে থাকলেও দেশে আইনের শাসন না থাকার জন্য প্রশ্ন উঠতে পারে।

রোববার (১০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘নাগরিকদের ভোটাধিকার ও স্বাধীন নির্বাচন কমিশন কোন পথে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে রাষ্ট্র সংস্কার আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ ও গণসংহতি আন্দোলন।

তিনি বলেন, রোহিঙ্গাদের সাহায্য করার জন্য প্রধানমন্ত্রীর অবদান আছে। জাতিসংঘের সঙ্গে চুক্তি হয়েছে। এ চুক্তি তো আরও ১৫ দিন আগেই হতে পারত। হয়নি ভারতের চক্রান্তে। বাংলাদেশের কিছু আমলা আছে, জনগণের টাকায় চলে, কিন্তু কাজ করে ভারতের হুকুমে। বিদেশি গোয়েন্দা বাহিনীর তৎপরতা ক্রমে বাংলাদেশে সক্রিয় হয়ে উঠছে।

জনগণ দেশের মালিক হয়েও অধিকার থেকে বঞ্চিত অভিযোগ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা খেতে পাই না, জিনিসপত্রের দাম বাড়ছে। যিনি রিকশা চালান তিনি রিকশাটারও মালিক হতে পারেন না। আমরা এক কোটি পরিবারকে ২৫ টাকা সেরে চাল দিতে পারি না, ১৫ সেরে আটা দিতে পারি না, ৫০ টাকায় তেল দিতে পারি না, চিনি দিতে পারি না।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ২০ লাখ মামলা বিচারের অপেক্ষায় পড়ে আছে। খালেদা জিয়ার জামিন হয় না আমাদের বিচার প্রক্রিয়ায়। যে টাকা চুরি হয় নাই তার জন্য খালেদা জিয়া আটক আছেন। প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্ন উঠত পারত, এই যে জাতিসংঘের অধিবেশনে ঘুরে যাচ্ছেন, এ টাকার অপচয় কোথা থেকে হচ্ছে?

আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বীর মুক্তিযোদ্ধা নইম জাহাঙ্গীর, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য হাসনাত কাইয়ুম, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) আবুল হাসান রুবেল ও ভাসানী অনুসারী পরিষদের সদস্য ব্যারিস্টার সাদিয়া আরমান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত