সিলেটটুডে ডেস্ক:

১০ অক্টোবর, ২০২১ ২৩:০৫

বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে মা-মেয়েকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’

মা-মেয়েকে ধর্ষণের অভিযোগে আটক দু'জন। ছবি-সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠেছে। ভুক্তভোগী মেয়ে কিশোরী (১৬)।

এ ঘটনায় রোববার ওই গৃহবধূ বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ মামলার পরিপ্রেক্ষিতে দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন উপজেলার একটি গ্রামের বাসিন্দা আবদুস সাত্তার (৪৫) ও সাদেক মিয়া (৩০)।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার এক গৃহবধূ তার মেয়েকে নিয়ে নালিতাবাড়ীতে বাবার বাড়ি এসেছিলেন। শনিবার সকাল ১১টার দিকে তারা অটোবাইকে শেরপুর যাওয়ার জন্য বের হন। পথে সাত্তার ও সাদেক আলীসহ কয়েকজন তাদের শেরপুরে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশায় তোলেন। সন্ধ্যার দিকে তারা পলাশিকুড়ায় একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে মা-মেয়েকে ধর্ষণ করেন।

'ধর্ষণের শিকার’ মা-মেয়ে রোববার সকালে বাড়ি ফিরে স্বজনদের ঘটনা জানালে তারা জরুরি সেবা নম্বর-৯৯৯ এ কল দেন।

পরে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদলের নেতৃত্বে পুলিশ অভিযুক্ত সাত্তার ও সাদেক আলীকে আটক করে থানায় নিয়ে যায়। 

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ‘সকালে ত্রিপল নাইন থেকে ম্যাসেজ আসার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে জড়িত দুই জনকে আটক করি। অন্যদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের ও ভুক্তভোগী মা-মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।’

আপনার মন্তব্য

আলোচিত