সিলেটটুডে ডেস্ক

৩১ মার্চ, ২০২২ ১৬:০২

টিকার দ্বিতীয় ডোজ নেয়ার সময় বাড়ল ৩ দিন

আসন্ন রমজান মাসেও স্বাভাবিক প্রক্রিয়ায় করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মহামারি থেকে জনগণকে সুরক্ষিত রাখতে রমজান মাসেও স্বাভাবিক নিয়মে টিকাদান কর্মসূচি পরিচালনা করা হবে। টিকার প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।

তিনি বলেন, করোনা থেকে দেশের মানুষের সুরক্ষা নিশ্চিতে করোনারোধী টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার বিশেষ ক্যাম্পেইন আরও তিন দিন বাড়ানো হয়েছে। যা ২৮ মার্চ শুরু হয়েছে ।

তিনি আরও বলেন, গত ২৬ ফেব্রুয়ারি যাদের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল, তাদের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া চলমান থাকবে আরও তিন দিন। আমরা ৮০ শতাংশ টিকা প্রদানের লক্ষ্যে টিকার বিশেষ ক্যাম্পেইন কার্যক্রম আরও তিন দিন চালাব।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল, মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজসহ অনেকে।

আপনার মন্তব্য

আলোচিত