নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০১৫ ১৫:৪৫

মামলা প্রত্যাহারের দাবিতে বিজয় দিবসে সাংবাদিক প্রবীর সিকদারের অনশন

আইসিটি আইনের হয়রানিমূলক ৫৭ ধারার মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে ধানমণ্ডির বঙ্গবন্ধুর ৩২ নম্বরে অনশন কর্মসূচি পালন করবেন সাংবাদিক প্রবীর সিকদার। 

সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অনশন কর্মসূচি অনশন কর্মসূচি পালন করবেন দৈনিক বাংলা ৭১ ও অনলাইন নিউজ পোর্টাল উত্তরাধিকার ৭১ নিউজের সম্পাদক প্রবীর সিকদার। এসময় তাঁর সঙ্গে থাকবেন তার স্ত্রী অনিতা সিকদার এবং দুই ছেলে সুপ্রিয় ও পুলক।

কর্মসূচি সম্পর্কে সাংবাদিক প্রবীর সিকদার সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হয়রানিমূলক এ মামলা প্রত্যাহারের দাবিতে আমার এ শান্তিপুর্ণ অনশন কর্মসূচি। কোনও ব্যানার থাকবে না। কোনও মাইক থাকবে না, থাকবে না কোন মিছিল শ্লোগান। আশা করি সরকার এ মামলা প্রত্যাহারে উদ্যোগি হবে।  

উল্লেখ্য,  এ বছরের ১৬ আগস্ট ঢাকার ইন্দিরা রোডের নিজের অফিস থেকে কোনো অভিযোগ ছাড়াই সাংবাদিক প্রবীরকে তুলে নিয়ে যায় পুলিশ। পরে তার বিরুদ্ধে ফরিদপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করা হয়। পরে ওই মামলায় তাকে ফরিদপুরে নিয়ে নির্যাতন করে পুলিশ।

১৭ আগস্ট জামিন আবেদন না মঞ্জুর করে প্রবীর সিকদারকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়। ১৮ আগস্ট পুলিশের আবেদনে তাকে তিন দিনের রিমান্ডে নেওয়ার ব্যবস্থা করা হয়।

দেশ-বিদেশের তীব্র সমালোচনা-প্রতিবাদের মুখে এবং সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ১৯ আগস্ট জামিনে মুক্তি পান সাংবাদিক প্রবীর সিকদার। যদিও তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি আজও প্রত্যাহার করা হয়নি। 

আপনার মন্তব্য

আলোচিত