১৯ এপ্রিল, ২০২৩ ১৮:১৯
ঈদুল ফিতরের দিন ঘোষণা করতে শুক্রবার ২৯ রমজানের সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে চাঁদের স্থানাঙ্ক প্রতিবেদন বিশ্লেষণ করে আবহাওয়া অধিদপ্তর আগেই বলে দিচ্ছে, ওই দিনই বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে।
আবহাওয়া অধিদপ্তরের এই পূর্বাভাস মিলে গেলে এবার রমজান মাস ২৯ দিনে পূর্ণ হবে, রোজা হবে ২৯টি। ফলে দেশে ঈদুল ফিতর উদ্যাপন করা হবে শনিবার (২২ এপ্রিল)।
আবহাওয়া অধিদপ্তরের চাঁদের স্থানাঙ্ক প্রতিবেদনে বলা হয়েছে, ২১ এপ্রিল (শুক্রবার) চন্দ্রতিথির দ্বিতীয়ায় অবস্থান করবে চাঁদ। তখন চাঁদের বয়স থাকবে ১ দশমিক ৩৪০৫ দিন। এদিন সূর্যাস্তের সময় চাঁদের অ্যালটিটিউড থাকবে ১৬ ডিগ্রিতে। ফলে এদিন গোধুলীর পর বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে।
অন্যদিকে ২২ এপ্রিল সূর্যাস্তের সময় চন্দ্রতিথির তৃতীয়ায় অবস্থান করবে চাঁদ। ওই সময় চাঁদের বয়স থাকবে ২ দশমিক ৩৪০৭ দিন। এ সময় চাঁদের অ্যালটিটিউড থাকবে ২৮ ডিগ্রিতে। ফলে ২২ এপ্রিল বাংলাদেশের সব জায়গা থেকেই বড় আকারের চাঁদ দেখা যাবে।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ বজলুল রশিদ বুধবার বিকেলে বলেন, আমরা প্রতিমাসে চাঁদের স্থানাংক প্রতিবেদন প্রকাশ করি। শাওয়াল মাসের চাঁদ কবে দেখা যেতে পারে, বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য-উপাত্তের আলোকে আমরা তা জানিয়েছি। তবে ঈদ কবে হবে, সে সিদ্ধান্ত নেবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিন সাধারণত দেশের আকাশে চাঁদ দেখা দেয়ায় এসব দেশের পরদিন আমাদের দেশে রোজা শুরু হয় বা ঈদ পালন করা হয়। এ বছর সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) এক পূর্বাভাসে জানিয়েছে, বৃহস্পতিবার চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই বলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতর পালন করা হতে পারে শনিবার।
আরব আমিরাতের আইএসি এবং বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস দুটিই মিলে গেলে এবার সৌদি আরব ও বাংলাদেশে ঈদুল ফিতর উদ্যাপন করা হবে একই দিনে।
এ বছর ২৯টি রোজা শেষে আগামী ২২ এপ্রিল ঈদ হতে পারে ধরে নিয়ে ২১, ২২ ও ২৩ এপ্রিল রোজার ঈদের ছুটি নির্ধারণ করা আছে। বুধবার চলছে শবে কদরের সরকারি ছুটি। ঈদের আগে বৃহস্পতিবার নির্বাহী আদেশে রোজার ঈদের ছুটি ঘোষণা করেছে সরকার।
ফলে মঙ্গলবার দুপুরের পর থেকেই ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। মঙ্গলবার বিকেলের পর থেকে রাজধানীর চিরচেনা সেই যানজটও আর নেই। বুধবার সকাল থেকে ঢাকার সড়কগুলো অনেকটাই ফাঁকা। তবে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে ঘরমুখী মানুষের বেশ ভিড় রয়েছে।
আপনার মন্তব্য