সিলেটটুডে ডেস্ক

২২ এপ্রিল, ২০২৩ ১১:০৯

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

লাখো মুসল্লির অংশগ্রহণে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমীন।

এই জামাতে অংশগ্রহণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেখানে তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে ঈদগাহে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ছাড়াও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা এবং উচ্চপদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত শুরু হয়। ঈদগাহ ময়দানের মূল প্যান্ডেলে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাত আদায় করেন। জাতীয় ঈদগাহে নারীদের জন্য নামাজের ব্যবস্থা ছিল। রাজধানীর বিভিন্ন স্থান থেকে এসে নারীরা নামাজে অংশ নিয়েছেন।

অন্যদিকে ঈদের প্রধান এই জামাতকে কেন্দ্র করে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দি‌য়ে ঈদের নামাজ পড়‌তে জাতীয় ঈদগাহ ময়দানে আসেন মুসল্লিরা। মুসল্লিদের তল্লাশি করে ঈদগাহ ময়দানে  প্রবেশ করতে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এছাড়া ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হয়। নিরাপত্তার কথা বিবেচনায় রেখে পল্টন মোড়, মৎস্য ভবন মোড় ও শিক্ষাভবনের মোড়ে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত