২৫ এপ্রিল, ২০২৩ ০০:৪৯
সোমবার রাতে রাজধানী ঢাকার কিছু এলাকার বাতাসে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ায় সবাইকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে।
তারা বলছে, তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
রাত সোয়া ১২টার পর জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তিতাস গ্যাস কর্তৃপক্ষের হয়ে এই বক্তব্য দেওয়া হয়েছে।
এরআগে, রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবার ৯৯৯–এ ফোন দিয়ে বিষয়টি জানালে ঘটনাস্থলে যায় পুলিশ।
পুলিশ জানিয়েছে, রামপুরার মোল্লাবাড়ি, রামপুরা বাজার ও তালতলা এলাকার রাস্তায় গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম রাত ১১টার দিকে বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যরা গ্যাসের গন্ধ পাচ্ছেন। আমরা বিষয়টি তিতাসকে জানিয়েছি। তিতাসের লোকজন এসে পরীক্ষা–নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’
বিভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা যায়, ইস্কাটন, নয়াটোলা, মগবাজার এলাকায় রাস্তায় হাঁটার সময় গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে। মসজিদে মাইকিং করে চুলা না জ্বালানোর অনুরোধ জানানো হয়েছে স্থানীয়দের। এ ছাড়া মতিঝিল, আরামবাগ, মগবাজার, বাড্ডা, বাসাবো, মুগদা নাখালপাড়া, জিগাতলা, ধানমন্ডি, হাজারীবাগসহ আরো বেশ কয়েকটি এলাকায় গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।
যেকোনো প্রয়োজনে তিতাস গ্যাসের হটলাইন ১৬৪৯৬ নাম্বারে অবহিত করতে বলছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
তিতাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মাদ হারুন অর রশীদ মোল্লা জানান, কর্মকর্তাদের গ্যাসের চাপ কমাতে বলা হয়েছে। ঘণ্টা দু–একের ভেতর স্বাভাবিক হবে বলে আশা করছেন তারা।
এদিকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে বলেছেন, ‘ঢাকার বেশ কয়েকটি জায়গাতে গ্যাসের গন্ধ পাবার খবরে নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছি। ঢাকার গ্যাস বিতরণ কোম্পানি তিতাস গ্যাস কর্তৃপক্ষ এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’
আপনার মন্তব্য