০৩ জুলাই, ২০২৩ ১২:২৪
ফাইল ছবি
দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত এবং উজানের (ভারতের) পাহাড়ি ঢলে সুনামগঞ্জ ও নেত্রকোণার কিছু এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
দেশের বিভিন্ন নদনদীতে পানি উন্নয়ন বোর্ডের ১০৯টি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ৬৯টিতেই পানি বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় স্থানীয়দের মধ্যে বন্যার আশঙ্কা থাকলেও আগামী বুধবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে, ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মায় পানির উচ্চতা স্থিতিশীল রয়েছে। তবে ভারতের গঙ্গায় পানি বাড়ছে, যার প্রভাব পড়বে এসব নদীতে। এ ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদ-নদীতে পানি বাড়ছে।
আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তার কাছাকাছি অঞ্চলের উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এ অঞ্চলের সুরমা, পুরাতন সুরমা, যাদুকাটা, সারিগোয়াইন, খোয়াই, সোমেশ্বরী, ভোগাই ও কংসের পানি দ্রুত বেড়ে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা জেলার কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান জানিয়েছেন, জুলাই মাসে মৌসুমি ভারী বর্ষণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলের কিছু স্থানে স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তা ছাড়া দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কয়েকটি স্থানে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা হতে পারে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্তব্যরত কর্মকর্তা পার্থ প্রতীম বড়ুয়া বলেন, সুনামগঞ্জ ও নেত্রকোণার নিমাঞ্চলে বর্তমানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি বিরাজ করছে। আগামী বুধবার থেকে উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। তাতে করে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।
আপনার মন্তব্য