০৪ নভেম্বর, ২০২৬ ২১:১৯
মৌলভীবাজারের কুলাউড়ায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মাছবোঝাই মিনি ট্রাক আটকে মাছ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে ছাত্রদলের তিন নেতার বিরুদ্ধে।
এমন অভিযোগে সোমবার (২ নভেম্বর) কামরান হোসেন নামের এক যুবক বাদি হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বারই গ্রামের আলী হোসেনের ছেলে।
বুধবার (৪ নভেম্বর) রাতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্তরা হলেন, কুলাউড়া উপজেলার মনসুর এলাকার ইসরাইল বক্সে ছেলে ও কুলাউড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমান উদ্দিন রাজ, একই এলাকার আব্দুর রহিমের ছেলে ও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান খান এবং নিয়ামত মিয়ার ছেলে ও কুলাউড়া পৌর ছাত্রদলের সদস্য আরিয়ান খান সুজন। এ ছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে।
এর আগে গত রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় কুলাউড়া-মৌলভীবাজার মহাসড়কের কাদিপুর ইউনিয়নের কৌলা এলাকায় মেঘনা ব্রিক ফিল্ডের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মাছবোঝাই একটি মিনি ট্রাক কুলাউড়া হয়ে মৌলভীবাজার যাচ্ছিল। ট্রাকটি কৌলা এলাকায় পৌঁছালে লাল রঙের একটি পালসার মোটরসাইকেলে করে তিন যুবক এসে সেটির গতিরোধ করেন। পরে তারা দেশীয় অস্ত্র দেখিয়ে ট্রাকচালক কামরান হোসেনকে আঘাতের হুমকি দেন। এ সময় তার সঙ্গে থাকা তারেক আহমদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা এবং ট্রাকে থাকা শোল মাছ ছিনিয়ে নিয়ে যান তারা।
ঘটনার পর জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করা হলে কুলাউড়া থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পায় পুলিশ।
এ বিষয়ে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ঘটনার দিনই মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মন্তব্য