সিলেটটুডে ডেস্ক

২৬ জুলাই, ২০২৩ ১৩:০৪

জনভোগান্তি এড়াতে ছুটির দিনে কর্মসূচি পালনের আহ্বান পুলিশের

ছবি: সংগৃহীত

জনভোগান্তি এড়াতে ওয়ার্কিং ডে এড়িয়ে ছুটির দিনে কর্মসূচি পালনের জন্যে রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

বুধবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর হোসেনি দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় আওয়ামী লীগ ও বিএনপিকে বৃহস্পতিবার সমাবেশের অনুমতি দেওয়ার ইঙ্গিত দেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, আমরা আওয়ামী লীগ ও বিএনপিসহ ৯টি দলের সমাবেশের আবেদন পেয়েছি। আমরা পর্যালোচনা করে কয়েকটি পার্টিকে অনুমতি দেব। যারা অনুমতি পাবে তাদের রাজনৈতিক সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার। কিন্তু জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ঢাকা মহানগর পুলিশের দায়িত্ব এবং কর্তব্য।

সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনে থাকা বিএনপি ও সমমনা দলগুলো গত ১৮ ও ১৯ জুলাই ঢাকাজুড়ে পদযাত্রা করে। এর পাল্টায় ওই দুই দিনই ঢাকায় শান্তি শোভাযাত্রা করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দুই দিনই যানজটে নাকাল হতে হয়েছে নগরবাসীকে।

ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকায় ‘মহাসমাবেশ’ ডেকেছে বিএনপি, যদিও এখনও তাদের সমাবেশের স্থান চূড়ান্ত হয়নি। এর বিপরীতে আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ বৃহস্পতিবার বায়তুল মোকাররমের দক্ষিণ-পশ্চিম গেইটে ‘শান্তি সমাবেশের’ ডাক দিয়েছে।

দুই দলের এই পাল্টাপাল্টি কর্মসূচিতে সপ্তাহের শেষ কর্মদিবসে ফের ভোগান্তির শঙ্কা তৈরি হয়েছে জনমনে।

সেই প্রসঙ্গ ধরে পুলিশ কমিশনার রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, ওয়ার্কিং ডেতে বিশাল বিশাল জনসভা করে লাখ লাখ লোককে রাস্তায় আটকে রাখার মত বিষয়গুলো যেন তারা বিবেচনা করেন, তারা যেন ভবিষ্যতে ওয়ার্কিং ডেতে না দিয়ে বন্ধের দিনগুলোতে কর্মসূচি গ্রহণ করেন।

আর রাজনৈতিক কর্মসূচি যাতে সহিংসতার দিতে না যায়, সে বিষয়ে সতর্ক করে এই পুলিশ কর্মকর্তা বলেন, যারা সমাবেশে আসবেন, তারা যেন লাঠি বা ব্যাগ না নিয়ে আসেন। বিস্ফোরণ বা সাবোটাজ ঘটানোর সুযোগ যেন না হয়।

আপনার মন্তব্য

আলোচিত