সিলেটটুডে ডেস্ক

২৬ জুলাই, ২০২৩ ২২:৫২

সংসদ সদস্য হিসেবে মোহাম্মদ এ আরাফাতের শপথ

ছবি: ফোকাস বাংলা

জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে নির্বাচিত মোহাম্মদ আলী আরাফাত।

বুধবার (২৬ জুলাই) বিকেলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের শপথকক্ষে মোহাম্মদ আলী আরাফাতকে শপথবাক্য পাঠ করান।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।

শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম এবং আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৫ মে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। ১৭ জুলাই উপনির্বাচন অনুষ্ঠানের জন্য গত ১ জুন তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে ভোট গ্রহণের পর আওয়ামী লীগের প্রার্থী আরাফাতকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আশরাফুল আলম হোসেন ওরফে হিরো আলম।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬২৫ জন এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন। নির্বাচনে ১১ দশমিক ৫১ শতাংশ ভোট পড়ে। ১২৪টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৩৭ হাজার ৪২০টি। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ৩৭ হাজার ৩৭টি এবং ভোট বাতিল হয়েছে ৩৮৩টি।

এ নির্বাচনে হিরো আলম ও আওয়ামী লীগের মোহাম্মদ এ আরাফাতসহ ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত