০২ আগস্ট, ২০২৩ ১২:১২
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বুধবার (২ আগস্ট) সকাল থেকেই ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সিঁড়ির সামনে বসানো হয়েছে আর্চওয়ে। সাধারণ বিচারপ্রার্থী থেকে শুরু আইনজীবীদেরও নিরাপত্তার স্বার্থে সঙ্গে থাকা ব্যাগ ও বিভিন্ন জিনিসপত্র চেক করছেন পুলিশ।
ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত তারেক রহমান ও জোবায়দা রহমানের মামলায় রায় ঘোষণা করবেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার দায়িত্বরত অফিসার ইনচার্জ (ওসি) ফারুকুল ইসলাম বলেন, রায়কে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে সকাল থেকে বিএনপি পন্থী আইনজীবীরা রায় ঘোষণা বাতিল চেয়ে ঝটিকা মিছিল করেছেন।
গত ২৭ জুলাই যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের এ তারিখ ঠিক করেন। এর আগে গত ২৪ জুলাই মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলাটিতে ৫৬ জন সাক্ষীর মধ্যে ৪২ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জোবায়দা রহমান ও তার মা অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়।
২০০৮ সালে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপরই মামলা বাতিল চেয়ে হাই কোর্টে আবেদন করেন জোবায়দা। ওই বছরই এ আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন। পরবর্তীতে আবারও মামলাটি বিচারিক কার্যক্রম শুরু হয়।
আপনার মন্তব্য