সিলেটটুডে ডেস্ক

১৭ আগস্ট, ২০২৩ ১২:১৮

সিরিজ বোমা হামলার বিচার শেষ হয়নি ১৮ বছরেও

দেশব্যাপী সিরিজ বোমা হামলার আজ (১৭ আগস্ট) ১৮ বছর। এ ঘটনায় করা সব মামলার বিচার কাজ শেষ হয়নি ১৮ বছরেও। ১৫৯ মামলার মধ্যে এখনও বাকি ৪১টি। রাষ্ট্রপক্ষ বলছেন, সাক্ষীর অভাবে ঝুলে আছে বিচার। আইনজীবীরা বলছেন, দেশকে অস্থিতিশীল করে রাজনৈতিক ফায়দা নিতে বিচার বিভাগের ওপর এ হামলায় ইন্ধন ছিলো বিএনপি-জামায়াতের।

২০০৫ সালের ১৭ আগস্ট সকাল ১১টা। হঠাৎ করেই কম্পিত হলো পুরো দেশের আদালত প্রাঙ্গণ। মুন্সীগঞ্জ ছাড়া একযোগে দেশের ৬৩ জেলায় বিস্ফোরিত হয় সিরিজ বোমা। জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর হামলায় মারা যান ২ জন বিচারক, আহত হন আইনজীবী ও সাধারণ মানুষসহ ২ শতাধিক।

আইনজীবীরা বলছেন, এ হামলা ছিলো পরিকল্পিত, যার পেছনে ইন্ধন ছিলো তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের। দেশকে অস্থিতিশীল করে রাজনৈতিক সুবিধা নিতেই এ হামলা চালানো হয়।

এরপর কেটে গেছে ১৮ বছর। এর মধ্যে ১১৮টি মামলার বিচারকাজ শেষ হলেও বাকি ৪১টি। এ সিরিজ বোমা হামলার রায় দেয়া মামলাগুলোয় ৩৪৯ জনকে অব্যাহতি দেয়া হয়েছে। আসামিদের মধ্যে ২৭ জনের বিরুদ্ধে ফাঁসির রায় দেয়া হয়। এর মধ্যে ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলায় জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান ও বাংলাভাইসহ ৮ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে।

দীর্ঘ সময়েও বিচার শেষ না হওয়ার পেছনে সাক্ষী না পাওয়াকেই দুষছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু বলেন, অনেক ক্ষেত্রে সাক্ষীদের পাওয়া যায়নি; অপেক্ষা করতে হয়েছে। পুলিশও চেষ্টা করছে সাক্ষীদের খুঁজে বের করতে। তারপরও সাক্ষ্য যা হয়েছে বা আরও কয়েকটা সাক্ষ্য নেয়া শেষ করে এ বছরের মধ্যে বিচারকাজ শেষ হবে বলে আশা করছি।

তিনি বলেন, চাঞ্চল্যকর এসব মামলা চাইলেই তো শেষ করে দেয়া যায় না। একটা প্রক্রিয়ার মধ্যদিয়ে যেতে হয়।

এদিকে, এ ঘটনার পর থেকে দিনটিকে সিরিজ বোমা হামলা দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ। দলটি এদিন সারাদেশে প্রতিবাদ সভা করে। এবারও সেই কর্মসূচি পালন করবে।

কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ আয়োজনে প্রতিবাদ সমাবেশ হবে। এতে প্রধান অতিথি থাকবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আপনার মন্তব্য

আলোচিত