সিলেটটুডে ডেস্ক

১২ জানুয়ারি, ২০১৬ ২২:৪৫

পুলিশের নির্যাতনের শিকার রাব্বী ঢামেকে ভর্তি

রাজধানীর মোহাম্মদপুর থানার এক এসআইয়ের নির্যাতনের শিকার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে ঢামেকের ১০২ নম্বর ওয়ার্ডে (ক্যাজুলিটি ইউনিট-২) ভর্তি করা হয়। মাথায় যন্ত্রণা এবং বুকে ব্যথা থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও তার শরীরের অন্যান্য জায়গাতেও ব্যথা রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় আঘাতের কারণে তাকে নিউরোলজি বিভাগে বদলী করা হবে।  

বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশনস বিভাগের কর্মকর্তা গোলাম রাব্বীর ভাষ্য অনুযায়ী, গত শনিবার রাতে মোহাম্মদপুর তাজমহল রোডে এক আত্মীয়ের বাসা থেকে ফেরার পথে তাকে আটক করে পুলিশ। এরপর তাকে মাদকসেবী বানানোর ভয় দেখিয়ে উপ-পরিদর্শক (এসআই) মাসুদ অর্থ আদায়ের চেষ্টা করেছিলেন। এ চেষ্টায় তাকে মারধরও করা হয়।

বিষয়টি জানাজানি হলে গত সোমবার অভিযুক্ত এসআই মাসুদ শিকদারকে প্রত্যাহার করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত