০৯ নভেম্বর, ২০২৩ ১১:০৫
বিএনপি-জামায়াতের ডাকা দুই দিনের সর্বাত্মক অবরোধের ২৭ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ১৩টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে বাস রয়েছে ৭টি।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ৮ নভেম্বর (বুধবার) সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা (২৭ ঘণ্টা) পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ১৩টি আগুনের সংবাদ পাওয়া গেছে। এরমধ্যে ঢাকা সিটিতে (হাজারীবাগ, তাঁতীবাজার, কাকলি, মিরপুর, ধানমন্ডি) ৫টি, ঢাকা বিভাগে (গাজীপুর) ৩টি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি) ১টি, রাজশাহী বিভাগে (শিবগঞ্জ, বগুড়া) ১টি, বরিশাল বিভাগে (গৌরনদী, বরগুনা) ২টি, চট্টগ্রাম বিভাগে (নোয়াখালী) ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ৭টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ২টি ট্রাক পুড়ে যায়।
আরও জানায়, গাজীপুরের কালীগঞ্জে একটি কাভার্ডভ্যান, খাগড়াছড়ির মাটিরাঙাতে একটি কাভার্ডভ্যান , গাজীপুরের মাওনায় একটি বাসে, সদরঘাটের তাঁতীবাজার মোড়ে আকাশ পরিবহন নামের একটি বাস, বনানীর কাকলি পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাস, বগুড়ার শিবগঞ্জ চন্ডিপাড়ায় একটি ট্রাক, বরগুনার আমতলীতে সাকুরা পরিবহনের একটি বাস, ধানমন্ডির ঝিগাতলায় রমজান পরিবহন নামের একটি বাস, গৌরনদীর বাটাজোরে একটি কাভার্ডভ্যান, গাজীপুরের শ্রীপুরে একটি কাভার্ডভ্যান, নোয়াখালীর বেগমগঞ্জের আমিনবাজারে একটি ট্রাক, হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় ভিআইপি পরিবহন নামের একটি বাস ও মিরপুর ১৩ নম্বরে প্রজাপতি পরিবহন নামের একটি বাসে আগুন দেওয়া হয়।
আপনার মন্তব্য