১৮ জানুয়ারি, ২০১৬ ১০:০৫
পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি'র সদস্য পরিচয়ে পিস্তল ও হ্যান্ডকাপ দেখিয়ে সবজি, মাছ, মাংস ও মুরগি ব্যাগে ভরে চম্পট দিয়েছে এক প্রতারক। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে ছুটে গেলেও প্রতারককে পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গার জীবননগর বাজারে এ প্রতারণার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে সাদা পোশাকধারী এক ব্যক্তি জীবননগর বাজারের সবজি ব্যবসায়ী মো. ধনী মিয়ার নিকট থেকে ৩৮০ টাকার সবজি, মুরগি ব্যবসায়ী বাবুর নিকট থেকে দুইটি মুরগি, মাছ ব্যবসায়ী শহিদুল ইসলামের নিকট থেকে তিন কেজি মাছ বাকিতে নেন। পরে মাংস ব্যবসায়ী শওকত আলীর নিকট গিয়ে দুই কেজি গরুর মাংস বাকিতে নেন প্রতারক। শওকত মাংস দিতে অস্বীকার করলে ওই প্রতারক কোমর থেকে পিস্তল বের করে ও হ্যান্ডকাপ দেখিয়ে হুমকি দেয় এবং মাংস ব্যাগে ভরে দেয়ার নির্দেশ দেয়। শওকত ভয়ে প্রতারকের ব্যাগে মাংস ভরে দেন। এ সময় ওই প্রতারক ক্যাম্পে গিয়ে টাকা পরিশোধ করার কথা বলে তার সঙ্গে লোক দিতে বলে। শওকত তার ভাতিজাকে সঙ্গে দিলে প্রতারক তাকে মোটরসাইকেলে নিয়ে হাসাদাহ অভিমুখে রওনা করে। জীবননগর-কালীগঞ্জ সড়ক হয়ে যাওয়ার পথে তেঁতুলিয়া বিজিবি ক্যাম্পের নিকট এসে প্রতারক কৌশলে শওকতের ভাতিজাকে নামিয়ে দিয়ে চম্পট দেয়।
খবর পেয়ে ইউএনও নুরুল হাফিজ ঘটনাস্থল ছুটে যান এবং বিষয়টি তদন্ত করে দেখার জন্য থানা পুলিশকে নির্দেশ দেন। এ ব্যাপারে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।
আপনার মন্তব্য