সিলেটটুডে ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০২৩ ১৩:১২

মির্জা আব্বাসের সম্পদের তথ্য গোপন মামলার রায় ফের পেছাল

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে করা মামলার রায় তৃতীয় দফা পিছিয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালত নতুন দিন ধার্য করেন।

পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ২৪ জানুয়ারি রায়ের দিন ধার্য করেছেন আদালত।

এর আগে গত ২২ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ৩০ নভেম্বর দিন ধার্য করেন আদালত। ওইদিন রায় প্রস্তুত না হওয়ায় রায়ের জন্য ১২ ডিসেম্বর দিন ধার্য করেন। দ্বিতীয় দফায় বিচারকের বাবা অসুস্থ থাকায় রায় পিছিয়ে ২৮ ডিসেম্বর দিন ধার্য করেন।

মির্জা আব্বাসের বিরুদ্ধে আয়ের সঙ্গে সংগতিহীন ৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ আগস্ট রাজধানীর রমনা থানায় মামলা করেন দুদকের উপপরিচালক মো. শফিউল আলম।

তদন্ত শেষে ২০০৮ সালের ২৪ মে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. খায়রুল হুদা আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তে তার বিরুদ্ধে ৪ কোটি ২৩ লাখ টাকার সম্পদ অর্জন ও ২২ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

২০০৮ সালের ১৬ জুন আদালত এ মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। এ মামলার বিচার চলাকালীন আদালত ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত