১৮ জানুয়ারি, ২০১৬ ১৩:১৪
মুক্তিযোদ্ধা সরকারি চাকরিজীবিদের অবসরের বয়সসীমা বাড়ানো হয়নি মন্ত্রিসভার বৈঠকে।
সোমবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে সরকারি চাকরিজীবী মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬৫ বছর করার প্রস্তাব উত্থাপন করা হয়েছিলো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, “বর্তমান সরকার বিগত সময়ে মক্তিযোদ্ধা গণকর্মচারীদের অবসর গ্রহণের বয়সসীমা ৫৭ থেকে ৬০ বছরে উন্নীত করে। তাই বয়স বাড়ানোর বিষয়টি মন্ত্রিসভায় বিবেচিত হয়নি।”
আপিল বিভাগের নির্দেশনার আলোকে মুক্তিযোদ্ধাদের চাকরির বয়স ৫ বছর বৃদ্ধি করে ৬৫ করার প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষা শেষে নাকচ করল মন্ত্রিসভা।
গত বছর নভেম্বরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি রায়ের ধারাবাহিকতায় জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স বাড়ানোর এই প্রস্তাব মন্ত্রিসভায় তোলে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২০০৬ সালের ১২ জুলাই এক স্মারকে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৫৭ বছর বাড়িয়ে ৬৫ বছরে উন্নীত করার প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের অনুশাসন দেয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “পত্রটি (তৎকালীন) প্রধান উপদেষ্টার অনুমোদন না পাওয়ায় তা মন্ত্রিসভায় উপস্থাপন হয়নি।”
ওই নির্দেশনা প্রতিপালিত না হওয়ায় মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন শিকদার ২০১৩ সালে হাই কোর্টে একটি রিট আবেদন করেন।
এ বিষয়ে শুনানি করে আদালত রুল জারি করে। সরকারি স্মারকের ভিত্তিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা কেন ৬৫ বছর করা হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে। আরও ৬৮০ মুক্তিযোদ্ধা রিটে পক্ষভুক্ত হন।
রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতবছর ১৪ জানুয়ারি হাই কোর্ট রায় দেয়। রায়ের অনুলিপি পাওয়ার ৬০ দিনের মধ্যে ওই প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থাপন করতে বিবাদীদের নির্দেশ দেয় আদালত।
রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে গেলে আপিল বিভাগ হাই কোর্টের রায় বহাল রেখে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা বাড়িয়ে ৬৫ বছর করার প্রস্তাব মন্ত্রিসভায় তুলতে বলে।
এদিকে এই মামলা চলার মধ্যেই গত সরকারের মেয়াদে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স ৫৭ থেকে ৫৯ বছর করা হয়। তখন সরকারের অন্য কর্মকর্তাদের অবসরের বয়সসীমা ছিল ৫৭ বছর, যা পরে ৫৯ বছর করা হয়।
এই প্রেক্ষাপটে আরও একটি রিট আবেদন হলে ২০১২ সালে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা আরও এক বছর বাড়ানো হয়। সে অনুযায়ী বর্তমানে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স ৬০ বছর।
আপনার মন্তব্য