সিলেটটুডে ডেস্ক

১৮ জানুয়ারি, ২০১৬ ১৩:২১

বিএসএফের পিটুনিতে বাংলাদেশি নিহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শালঝোড় সীমান্তে বিএসএফের বেধড়ক পিটুনিতে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার ভোররাতের এ ঘটনায় নিহত আব্দুল গণির (৫০) বাড়ি শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে।
 
বিজিবি জানিয়েছে, এ ঘটনায় রইস উদ্দিন নামের আরেক গরু ব্যবসায়ী আহত হয়েছেন। বিএসএফ নিহত গরু ব্যবসায়ীর লাশ নিয়ে গেলেও আহত গরু ব্যবসায়ী পালিয়ে এসেছেন।
 
কুড়িগ্রামস্থ ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. জাকির হোসেন একজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
 
এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হলেও দুপুর ১২টা পর্যন্ত বিএসএফ সাড়া দেয়নি। তবে বিজিবির একটি দল ৯৮৮ নম্বর সীমানা পিলারের কাছে অপেক্ষা করছিল।
 
এলাকাবাসী ও বিজিবি সূত্র জানিয়েছেন, ভূরুঙ্গামারী উপজেলার শালঝোড় কাজিয়ার চর সীমান্তের ৯৮৮ নম্বর সীমানা পিলারের পার্শ্ববর্তী এলাকা দিয়ে কয়েকজন ব্যক্তি গরু আনার জন্য ভারতের ভূ-খণ্ডের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের ঝুলোলী ক্যাম্পের টহল দল আব্দুর গণি এবং রইস উদ্দিনকে ধরে ফেলে এবং বেধড়ক মারপিট করে। এতে ঘটনাস্থলে আব্দুল গণি নিহত এবং রইস উদ্দিন আহত হন।
 
কুড়িগ্রামস্থ ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. জাকির হোসেন জানিয়েছেন, এ ঘটনাকে কেন্দ্র করে ৯৮৮ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশে বিজিবি এবং বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হলেও বিএসএফ পক্ষ দুপুর পর্যন্ত সাড়া দেয়নি।

আপনার মন্তব্য

আলোচিত