০২ জানুয়ারি, ২০২৪ ০৮:৩০
ড. ইউনূসের রায় প্রসঙ্গে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, ‘এক ব্যক্তির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ দেখছি না।’
সোমবার (১ জানুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।
একই দিন শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ধারণা করা হয়, ড. ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক মধুর। ফলে এই রায়ে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, ‘ড. ইউনূসের রায় আইনি প্রক্রিয়ায় হয়েছে। তার আপিল করারও সুযোগ আছে। এটি চলমান রয়েছে। সুতরাং এ নিয়ে আমি আর মন্তব্য করতে চাই না।’
শ্রম ইস্যুতে বাংলাদেশকে আরও সাবধান হতে হবে মন্তব্য করে পররাষ্ট্রসচিব বলেন, ‘নতুন মার্কিন নীতি নিয়ে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বাংলাদেশে শ্রমিকদের কোনো মর্যাদা ক্ষুণ্ন হয় না। এ দেশে শ্রম পরিস্থিতি ভালো। তবে এই ব্যাপারে আরও সতর্ক থাকতে হবে।’
আপনার মন্তব্য