০২ জানুয়ারি, ২০২৪ ০৮:৩৪
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, জাতীয় নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি। নির্বাচনটা শেষ হোক, এরপর প্রার্থীদের সম্পদের হিসাবের সত্য-মিথ্যা যাচাই করা হবে।
সোমবার (১ জানুয়ারি) সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে ‘এমজিআই-র্যাক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দুর্নীতি দমনে সাংবাদিকদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘সাংবাদিক ও দুদক একে অপরের পরিপূরক। আমরা চাই আপনারা দুর্নীতি নিয়ে ভালো ভালো রিপোর্ট করবেন। আপনারা যখন বিভিন্ন সূত্র থেকে তথ্য পাবেন, তথ্য নিয়ে অনুসন্ধান করবেন। অনুসন্ধান করে মুদ্রার দুই পিঠ তুলে ধরবেন, তাতেই আমরা লাভবান হব। এমনভাবে রিপোর্ট করবেন যাতে দুর্নীতিটা বন্ধ হয়। সবার কাছে একটা অনুরোধ, আপনারা কোনো ফরমায়েশি প্রতিবেদন করবেন না। এতে সেই প্রতিবেদন বস্তুনিষ্ঠ হবে না। সংবাদের স্বকীয়তাও থাকবে না।’
অনুষ্ঠানে দুদক কমিশনার আছিয়া খাতুন বলেন, ‘আমরা সাংবাদিকদের কাছ থেকে ভালো ভালো রিপোর্ট ও অনুসন্ধান চাই। রিপোর্টে দুর্নীতি উন্মোচন করতে হবে। স্টোরি এমন হবে যাতে আমরা (দুদক) এগুলো নিয়ে কাজ করতে পারি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রতিটি দুর্নীতির ঘটনার গভীরে প্রবেশ করে ইন-ডেপথ রিসার্চ করে প্রতিবেদন প্রস্তুত করবেন। অনুষ্ঠানে দুদক কমিশনার মো. জহুরুল হক, দুদক সচিব মো. মাহবুব হোসেন, র্যাকের সভাপতি আহম্মদ ফয়েজ ও সাধারণ সম্পাদক জেমসন মাহবুব উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য