২০ জানুয়ারি, ২০১৬ ১৯:৫১
গণজাগরণ মঞ্চের পূর্ব ঘোষিত কর্মসূচি পাকিস্তান দূতাবাস ঘেরাওয়ে বাধা দিয়েছে পুলিশ। পুলিশের লাঠি চার্জে মুখপাত্র ইমরান এইচ সরকারসহ চারকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে গুলশান থানা পুলিশ।
বুধবার বিকেলে গুলশান পূবালী ব্যাংকের সামনে গণজাগরণ মঞ্চের কর্মীরা পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গণহত্যার দায় অস্বীকার, জঙ্গি মদদ ও কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গের প্রতিবাদে গণজাগরণ মঞ্চের পূর্ব ঘোষিত কর্মসূচি পাকিস্তান দূতাবাস ঘেরাও করতে রাজধানীর গুলশান-২ গোল চত্বরে পৌঁছলে তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকিয়ে দেয় গুলশান থানার পুলিশ। পরে সেখানেই তার সমাবেশ শুরু করে দেয়। সমাবেশের এক পর্যায়ে পুলিশ তাদের উপর লাঠি চার্জ শুরু করে।
পুলিশের লাঠি চার্জে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, কর্মী নাইমুল, শোভন ও সোহাগ আহত হয়েছে। সেইসঙ্গে রিয়াজ, সুদ্বীপ, সোহেলকে আটক করে গুলশান থানা পুলিশ।
এদিকে পুলিশি হামলার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে আগামী শুক্রবার শাহবাগে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান বলেন, ‘বাংলাদেশে জঙ্গি কার্যক্রম পরিচালিত হয় পাকিস্তানের অর্থায়নে। এতেই প্রমাণিত হয় সরকার একদিকে জঙ্গি দমন করছে, অন্যদিকে পাকিস্তান দূতাবাসকে নিরাপত্তা দিচ্ছে। এদিকে পুলিশি হামলার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে ২২ জানুয়ারি শাহবাগে বিক্ষোভ সমাবেশ করা হবে।’
আপনার মন্তব্য