নিউজ ডেস্ক

২৪ জানুয়ারি, ২০১৬ ১০:২২

সাংবাদিক আলতাফ মাহমুদ আর নেই

বিশিষ্ট সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি সাংবাদিক আলতাফ মাহমুদ আর নেই। রোববার সকাল সকাল ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান বলেন, দৈনিক ডেস্টিনির নির্বাহী সম্পাদক আলতাফ মাহমুদকে অস্ত্রোপচারের পর আইসিইউতে নেয়া হয়েছিল। গত রাতে হঠাৎ শারীরিক অবস্থা খারাপের দিকে যায়। আজ সকালে তিনি মারা যান।

সাংবাদিক আলতাফ মাহমুদ গত ১৪ জানুয়ারি দুপুরে বাসায় হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। তিনি মাথার পেছনে, ঘাড়ে ও দু’হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করেন এবং ধীরে ধীরে দু’পা অবশ হয়ে যায়। নিউরো সার্জারির বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার অধীনে হাসপাতালের ৩১১ নম্বর কেবিনে চিকিৎসাধীন ছিলেন তিনি।

তিনি দুই মেয়ে আইরিন মাহমুদ ও আফরিন মাহমুদ ও ছেলে হাসিব মাহমুদ তপুর জনক। বড় মেয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার, ছোট মেয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে বিবিএর ছাত্রী। ছেলে হাসিব মাহমুদ তপু বাংলাদেশ সংবাদ সংস্থায় কর্মরত। সত্তর দশকে সাংবাদিকতায় আসা আলতাফ মাহমুদ দীর্ঘদিন সাপ্তাহিক খবরের প্রধান প্রতিবেদন ছিলেন। বিভিন্ন টেলিভিশনের টকশোতেও তাকে দেখা গেছে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে। 

আপনার মন্তব্য

আলোচিত