১১ ফেব্রুয়ারি , ২০১৬ ১৩:৫১
ফাইল ছবি
রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রি কলেজে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় পুলিশ কনস্টেবল রাজু সরকার আহতের ঘটনায় মামলা হয়েছে।
বুধবার রাতে আহত পুলিশ কনস্টেবল রাজুর মা নাসিমা বেগম রাজপাড়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় নিউ গভমেন্ট ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মইনুল ইসলাম বাপ্পীসহ ১৫ জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিদের নাম জানা যায়নি।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ কনস্টেবল রাজু সরকারের ওপর হামলার ঘটনার তার মা বাদী হয়ে মামলাটি করেছেন বুধবার রাতে। তবে কোনো আসামিকে এখনো গ্রেফতার করা যায়নি। তাদের গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, রাজশাহী কলেজের বাংলা বিভাগের অনার্স প্রথমবর্ষের ছাত্র এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কনস্টেবল রাজু সরকারের ওপর হামলা করে গুরুতর আহত করে ছাত্রলীগের সভাপতি মইনুল ইসলাম বাপ্পীসহ তার সহযোগীরা। পরে রাজুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আপনার মন্তব্য