সিলেটটুডে ডেস্ক

১৩ ফেব্রুয়ারি , ২০১৬ ০১:৩৪

কমিউনিস্ট পার্টির নেতার বাসায় প্রধানমন্ত্রী

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য হায়দার আকবর খান রনোর মা কানিজ ফাতেমা মহসিনার মরদেহ দেখতে তার বাসায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কানিজ ফাতেমা অবিভক্ত বাংলার প্রথম স্পিকার ও স্বাস্থ্যমন্ত্রী মরহুম সৈয়দ নওশের আলীর দ্বিতীয় মেয়ে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। বার্ধক্যজনিত কারণে শুক্রবার সকালে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান।

মরদেহ সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে তার বাসায় নিয়ে আসা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে যান। এক সময়ের প্রতিবেশী কানিজ ফাতেমার মরদেহ একনজর দেখে তার প্রতি শ্রদ্ধা জানান এবং মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। শেখ হাসিনা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সান্ত্বনা দেন।

বাংলাদেশে সড়ক ও জনপথ বিভাগের প্রথম চিফ ইঞ্জিনিয়ার মরহুম হাতেম আলী খানের স্ত্রী মহসিনা মৃত্যুকালে দুই ছেলে হায়দার আকবর খান রনো ও বীর মুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনোসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বাংলাদেশে নারী আন্দোলনের পথিকৃত কবি সুফিয়া কামালের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন মহসিনা।

এছাড়া বাম রাজনৈতিক কর্মীদের প্রতি রনোর মা কানিজ ফতেমা মোহসিনার অকৃত্রিম ভালবাসা ও সহযোগিতার জন্য বাম প্রগতিশীল মহলে তিনি বিশেষ পরিচিত ও শ্রদ্ধার স্থানে অবস্থান করেছিলেন। ছেলেদের মানসিক গড়নের ক্ষেত্রে তার যথেষ্ট ভূমিকা ছিল।

আপনার মন্তব্য

আলোচিত