১৩ ফেব্রুয়ারি , ২০১৬ ১২:২৯
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গণপিটুনিতে সন্দেহভাজন তিন ডাকাত নিহত হয়েছে। ডাকাতদের হামলায় আহত হয়েছে পাঁচজন।
শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার জিন্দা এলাকার এ ঘটনায় নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ভোরে জিন্দা এলাকার আব্দুল কুদ্দুস সিকদারের বাড়ি হানা দিয়ে একদল ডাকাত লোকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং দেড় লাখ টাকা ও ২৫ ভরি স্বর্ণালংকার লুট করে।
“ডাকাতরা পালানোর সময় বাড়ির লোকজন চিৎকার করলে এলাকাবাসী ধাওয়া করে তিন ডাকাতকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুই ডাকাত নিহত হয়। আহত অন্যজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ডাকাতদের হামলায় বাড়ির গৃহকর্তা আব্দুল কুদ্দুস সিকদার, স্ত্রী জোছনা বেগম, ছেলে ইয়াকুবসহ আহত পাঁচজনকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুই মাস আগেও নারায়ণগঞ্জের আড়াইহাজারে এলাকাবাসীর পিটুনিতে ৮ ডাকাত নিহত হয়।
আপনার মন্তব্য