সিলেটুডে ডেস্ক

০৫ ফেব্রুয়ারি , ২০২৬ ১২:১৭

জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার রায় আজ

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় লাশ পুড়িয়ে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার ধার্য দিন আজ। সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ এই মামলার আসামি ১৬ জন।

আজ বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ আজ এই মামলার রায় দেবেন। ট্রাইব্যুনালের অন্য দুজন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত রোববার এ দিন ধার্য করেছিলেন।

এর আগে গত ২০ জানুয়ারি এ মামলার যুক্তিতর্ক সম্পন্ন হয়। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখা হয়।
ওইদিন আসামিপক্ষে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন, মিরাজুল আলম ও আবুল হাসান। প্রসিকিউশনের পক্ষে যুক্তি খণ্ডন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।

এ মামলায় ১৬ আসামির মধ্যে আটজন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন-ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল চোকদার।

এছাড়াও সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রিপন, আশুলিয়া থানার সাবেক ওসি এ এফ এম সায়েদ (রনি), সাবেক পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান, নির্মল কুমার দাস (অপারেশন), সাবেক এএসআই বিশ্বজিৎ সাহা ও স্থানীয় যুবলীগ ক্যাডার রনি ভূঁইয়া পলাতক রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে দিনে সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে পাঁচজন নিহত হন এবং একজন গুরুতর আহত হন। পরে নিহত পাঁচজনের লাশ এবং আহত ব্যক্তিকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ছড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় মিলেছে। তারা হলেন সাজ্জাদ হোসেন (সজল), আস সাবুর, তানজীল মাহমুদ সুজয়, বায়েজিদ বুসতামি ও আবুল হোসেন। এ ঘটনায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয় ট্রাইব্যুনালে।

গত বছরের ২ জুলাই এ মামলায় ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। এরপর ২১ অগাস্ট এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। তবে দোষ স্বীকার করেন একজন। তিনি এসআই শেখ আবজালুল হক। রাজসাক্ষী হয়ে জবানবন্দিও দিয়েছেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত