০৯ নভেম্বর, ২০২৬ ২১:৩৫
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
তিনি জানান, দুজনকে আটক করা হয়েছে। একজন সরাসরি সম্পৃক্ত এবং একজন সন্দেহভাজন। যাচাই-বাছাই না করে বলা যাচ্ছে না।
বিস্ফোরণের পরপরই শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে সন্দেহভাজন হিসেবে ২ জনকে আটক করে। একজনকে টিএসসি এলাকা এবং অন্যজনকে উদ্যানের দ্বিতীয় গেট এলাকা থেকে আটক করা হয়। এর মধ্যে একজনের কাছে ব্যাগ পাওয়া গেছে। আটকরা হলেন, জাবির সালেহীন দিপু (২৭) ও আব্দুল্লাহ আল জোবায়ের (২৬)।
আটক দিপু রাজধানীর কলাবাগানে একটি ভাড়া বাসায় থাকেন। তিনি বাগেরহাটের জাহিদ হোসেনের ছেলে। জোবায়ের পাবনা জেলার সাথিয়া থানার মৃত হান্নান আলম মল্লিকের ছেলে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল প্রাং বলেন, ঘটনাস্থলেই ছাত্রদের সহযোগিতায় এবং প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি বলেন, ব্যাগে উদ্ধারকৃত বস্তু ককটেল সদৃশ বলা হলেও, সেগুলোতে মারাত্মক কোনো বিস্ফোরক বা এক্সক্লুসিভ উপাদান ছিল না, যা দিয়ে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। মূলত রাজনৈতিক প্রভাব বা ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এই ধরনের বস্তু ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন, প্রক্টরিয়াল টিম এবং সহকারী প্রক্টরদের নিয়ে কালীমন্দিরসহ আশপাশের এলাকায় বহিরাগতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
এদিকে, রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে একটি বাসে আগুন লেগেছে। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে মেট্রো স্টেশনটি। একই সময়ে পোস্তগোলা ব্রিজের ওপর একটি রিকশায়ও আগুন লাগার ঘটনা ঘটেছে।
সোমবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফার্মগেটে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য জানান।
তিনি বলেন, লাভলী পরিবহনের বাসটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসটিতে যাত্রী ছিলেন, তবে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করার সময় বাসের ভেতরে কেউ ছিলেন না। ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বাসে আগুন লাগার পর ফার্মগেট মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এক বার্তায় মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে স্টেশনটি বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার স্টেশন চালু করে যাত্রীসেবা শুরু করা হবে।
সোমবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে পোস্তগোলা ব্রিজের ওপর একটি রিকশায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সংস্থাটির দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আপনার মন্তব্য