সিলেটটুডে ওয়েব ডেস্ক

১৯ ফেব্রুয়ারি , ২০১৬ ০২:১৮

বাংলাদেশ মীমাংসিত বিষয় সামনে এনে সম্পর্ক নষ্ট করছে: পাকিস্তানী পত্রিকার প্রতিবেদন

পাকিস্তানের  ইংরেজি দৈনিক 'দ্য এক্সপ্রেস ট্রিবিউন' এক প্রতিবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ ও মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে প্রশ্ন তোলে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা নির্বাচিত হলেই ঢাকা সংবাদের শিরোনাম হতে শুরু করে এবং আগ বাড়িয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করার পথ বেছে নেয়া হয়।

মানবতাবিরোধী অপরাধীদের বিচারকে নিয়ে প্রশ্ন তোলে প্রতিবেদনে বলা হয়েছে, "পাকিস্তানের তরফ থেকে উসকানিমূলক কোনো কর্মকাণ্ড ছাড়াই বাংলাদেশের নেতারা অতীতের মীমাংসিত নানা বিষয় সামনে তুলে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করার পথ বেছে নিয়েছেন।"

‘ইজ হাসিনাস বাংলাদেশ অ্যাট ওয়ার উইথ ইটসেল্ফ অর পাকিস্তানি-লাভার্স?’ শীর্ষক মন্তব্য প্রতিবেদনটি তৈরি করেন পাকিস্তানের অনুসন্ধানী সাংবাদিক নাভিদ আহমেদ। প্রতিবেদনের শুরুতেই সম্প্রতি পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের এক নারী কূটনীতিককে বহিষ্কারের বিষয়টি তুলে ধরে ঘটনাটিকে ‘ইটটি মারলে পাটকেলটি খেতে হয়’ বলেও আখ্যা দেয়া হয়েছে। বাংলাদেশ সরকার পাকিস্তান হাইকমিশনার এক নারী কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগের বহিষ্কার করার পর কোন কারণ না দেখিয়েই পাকিস্তান সেদেশে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার এক নারী কর্মকর্তাকে বহিষ্কার করে।


একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সর্বোচ্চ আদালত থেকে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী বিএনপির সালাহ উদ্দিন কাদের চৌধুরী, জামায়াতের আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ এ পর্যন্ত চারজনকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যকর করা হলেও প্রতিবেদনে নাভিদ লিখেছেন, একাত্তরে পাকিস্তানকে কেবল সমর্থনের জন্য ফাঁসিতে ঝুলিয়ে তাদের দণ্ড কার্যকর করা হয়েছে।
 
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচের কথা উল্লেখ করে এই বিচারকে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করে সংবাদ মাধ্যমটি।  

আপনার মন্তব্য

আলোচিত