নিউজ ডেস্ক

১৯ ফেব্রুয়ারি , ২০১৬ ১০:২৫

স্ত্রীর দাবি নিয়ে দুই স্বামীর হাতাহাতি

চাঁদপুরে এক নারীকে স্ত্রী দাবি করে দুই ব্যক্তির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ওই নারীসহ তিনজনকেই আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। 
  
বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় চাঁদপুর নৌ বন্দরে এ ঘটনা ঘটে।
  
জানা যায়, বরিশালের গৃহবধূ খাদিজা বেগম (২৩) এর সাথে প্রথমে বিয়ে হয় একই জেলার শহীদুল ইসলামের। তাদের দুজনের সংসারে ৩ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। পরে উভয়ের মধ্যে বনিবনা না হওয়ায় এক পর্যায়ে শহিদুল ইসলাম তার কন্যা সন্তানকে নিজের কাছে রেখে স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দেন। 
  
দীর্ঘ দুই বছর স্ত্রীর কোনও খোঁজ খবর না নেয়ায় তার স্ত্রী তাকে তালাকনামা পাঠায় এবং তোফায়েল নামে আরেক ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।   
  
বুধবার রাতে খাদিজা ও তোফায়েল বরিশাল থেকে চাঁদপুর লঞ্চঘাটে আসলে তার পূর্বের স্বামী শহিদুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ হয়। শহিদুল ইসলাম খাদিজাকে স্ত্রী দাবি করে তার সঙ্গে বাড়ি যাওয়ার জন্য টানাহ্যাঁচড়া শুরু করেন। এ সময় বর্তমান স্বামী তোফায়েল তাকে বাধা দিলে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। 
  
একপর্যায়ে নৌ পুলিশ তাদের তিনজনকেই আটক করে চাঁদপুর মডেল থানায় পাঠিয়ে দেয়। 
  
এদিকে বিয়ের কাগজপত্র কেউই দেখাতে না পারায় মডেল থানা পুলিশ তাদের আদালতে পাঠায়। আদালত বৃহস্পতিবার দুপুরে তাদের তিনজনকেই কারাগারে প্রেরণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত