সিলেটটুডে ডেস্ক

১৯ ফেব্রুয়ারি , ২০১৬ ১৬:৫৯

সুজনকে বিএনপি বলে ডাকা হয়

সুশাসনের জন্য নাগরিককে (সুজন) বিএনপি বলে ডাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

শুক্রবার দুপুরে যশোরে আঞ্চলিক পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

বদিউল আলম বলেন, ‘আমরা মানুষের স্বার্থে, জনগণের কল্যাণে কথা বলি। তাই এখন আমাদের বলা হচ্ছে বিএনপি। আর আগে বলা হত আওয়ামী লীগ। যেদেশে সুশীল সোসাইটি শক্তিশালী না, সেদেশে গণতন্ত্র সুসংহত পারে না। দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে সুশীল সমাজ ভঙ্গুর অবস্থায় রয়েছে। তারা ব্যক্তি স্বার্থে রাজনৈতিক দলের মতো বক্তব্য দিচ্ছে।’

তিনি আরো বলেন, ‘অপশক্তি কারও বন্ধু নয়। এদেশে যাতে কোনো অপশক্তি শেকড় গজাতে না পারে এজন্য সকলকে সজাগ থাকতে হবে।’

সভায় এক বক্তার বক্তব্যের সূত্র ধরে তিনি ধর্মীয় সংখ্যালঘুদের জমি দখলদারিত্বের বিষয়ে শঙ্কা প্রকাশ করেন।

সুজনের যশোর জেলা সভাপতি অ্যাডভোকেট সালেহা বেগমের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কারী দীলিপ সরকার। বক্তব্য রাখেন- সুজনের খুলনা জেলা সভাপতি প্রফেসর জাফর ইমাম, যশোর শাখার সাধারণ সম্পাদক ডা. মহিদুর রহমান, চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি প্রফেসর সিদ্দিকুর রহমান, ঝিনাইদহ জেলা শাখার সম্পাদক শরীফ মাহমুদুল হাসান, ফরিদপুর জেলা কমিটির সম্পাদক লিয়াকত হোসেন কামাল, মেহেরপুর শাখার সম্পাদক শামীম জাহাঙ্গীর সেন্টু, সাতক্ষীরা কমিটির সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, মাগুরা শাখার সম্পাদক খান শরাফত হোসেন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম, খুলনা অঞ্চলের সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। এছাড়াও খুলনা বিভাগের ১০টি জেলা ও ফরিদপুর জেলাসহ মোট ১১টি জেলার সুজনের জেলা ও উপজেলা কমিটির সভাপতি ও সম্পাদকসহ মোট দেড় শতাধিক সদস্য।

আপনার মন্তব্য

আলোচিত