নিউজ ডেস্ক

২০ ফেব্রুয়ারি , ২০১৬ ১৩:৩৮

বৃক্ষ মানব আবুলের ডান হাতে সফল অস্ত্রোপচার

স্বাভাবিক জীবনে ফিরতে বৃক্ষমানব হিসেবে পরিচিতি পাওয়া আবুল বাজানদারের শরীরের বাড়তি অংশ অপসারণের প্রথম ধাপ সফলভাবে শেষ হয়েছে।

প্রথম দিনের অপারেশনে গঠিত বিশেষ মেডিকেল বোর্ড আজ শনিবার দু’টি আঙুল নিয়ে কাজ করার কথা ছিলো। তবে শেষ পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টার অপারেশনে আবুলের পুরো ডান হাতের সবগুলো আঙুলেই অপারেশন করা হয়।

মেডিকেল বোর্ড’র সমন্বয়ক অধ্যাপক ডাক্তার সামন্ত লাল সেন বলেন, আমরা প্রথমে দু’আঙুলের অপারেশন করতে চাইলেও পাঁচটি আঙুলেরই অপারেশন করা হয়েছে।

তিনি বলেন, আমরা তার অপারেশনের সফলতার ব্যাপারে আশাবাদী। এখন পর্যন্ত সে ভালো আছে এতোটুকু বলতে পারি। আগামী দু-তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয় পর্বের অপারেশন করা হবে।

আবুল ‘হিউম্যান প্যাপিলোমা’ ভাইরাস-‘টেন’জনিত বিরল ধরনের চর্ম রোগে আক্রান্ত বিশ্বের তৃতীয় ব্যক্তি।

গত ৩০ জানুয়ারি আবুল বাজানদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ভর্তির পরদিন বিরল এই রোগের চিকিৎসায় গঠন করা হয় ৬ সদস্যের মেডিকেল বোর্ড। পরে তা আরো ৩ জন বাড়িয়ে ৯ সদস্যের করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত