২১ ফেব্রুয়ারি , ২০১৬ ১২:০৮
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক মন্দিরের পুরোহিত ও অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে (৫৫) গলা কেটে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ওই মন্দিরের গোপাল চন্দ্র (৩৫) নামে এক ব্যক্তি।
রোববার (২১ ফেব্রুয়ারি) ভাষা শহীদ দিবসের দিন সকাল সাতটার দিকে দেবীগঞ্জ উপজেলা সদরের করতোয়া নদী সংলগ্ন শ্রীশ্রী শান্ত গৌড়ীয় মঠে এ ঘটনা ঘটে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাল সাতটায় একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত গৌড়ীয় মঠ সংলগ্ন বাড়িতে ঢুকে মঠের প্রধান পুরোহিত ও অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়ের ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পুরোহিত যজ্ঞেশ্বর রায়কে। এ সময় লোকজন তাদের ধাওয়া করলে প্রথমে তারা ককটেল বিস্ফোরণ ঘটায় পরে অন্য পুরোহিত গোপাল চন্দ্র রায়ের ডান হাতে গুলি করে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় পুরোহিত গোপাল চন্দ্র রায়কে রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহাম্মদ বলেন, ‘জেলার সকল হিন্দু ধর্মশালায় নিরাপত্তা জোরদার ছিল। কারা হত্যাকারী এবং কী কারণে এমন হলো তা খতিয়ে দেখা হচ্ছে।
আপনার মন্তব্য