সিলেটটুডে ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১৫

৬৬৬ কোটি টাকা কর: চেম্বার আদালতে রায় স্থগিতে ব্যর্থ ইউনূসের গ্রামীণ কল্যাণ

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানা থাকা গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হাইকোর্ট যে রায় দিয়েছে সেটি আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে গ্রামীণ কল্যাণের পক্ষে করা আবেদনের ওপর শুনানি নিয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত এ আদেশ দেন।

আদেশে আদালত বলেছেন, 'পূর্ণাঙ্গ রায় বের না হওয়া পর্যন্ত আমরা এই মামলায় ইন্টারফেয়ার (হস্তক্ষেপ) করবো না।'

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ।

ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ বলেন, 'আপাতত হাইকোর্টের রায় বহাল থাকলো। তবে পূর্নাঙ্গ রায় প্রকাশ না হওয়া পর্যন্ত এনবিআর এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না।'

তবে গ্রামীণ কল্যাণের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, 'গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে দুটি রিট পিটিশন করা হয়েছিল। এনবিআর যে অতিরিক্ত ট্যাক্স দাবি করেছে, সেটাকে অবৈধ ডিক্লেয়ার করার জন্য যে দুটি রিট করেছিল, এই দুটি রিট নামঞ্জুর হয়েছে গত ১০ সেপ্টেম্বর। হাইকোর্টর রায় আমরা স্টে চেয়েছিলাম, চেম্বার জজের কাছে সিএমপি ফাইল করে। চেম্বার জজ বললেন, যেহেতু হাইকোর্ট এখনো কোনো জাজমেন্ট দেয়নি এবং আমরা পাইনি, সুতরাং এই ব্যাপারে আমরা কোনো ইন্টারফেয়ার করব না। সুতরাং জাজমেন্ট এলে জাজমেন্ট পড়ে দেখে তারপরে আমরা ইন্টারফেয়ার করব।'

তিনি বলেন, 'সেখানে এনবিআর এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল অফিস উপস্থিত ছিলেন। তখন কোর্টই বলছেন, আপনারা তো কোনো পদক্ষেপ নিচ্ছেন না? তারা কোর্টকে বলছেন না, আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি না। তারা অ্যাসিওর করেছেন। তারপরও আবার আমি ব্যক্তিগতভাবে বললাম, মাই লর্ড, তবুও একটা দেন। তখন কোর্ট বললেন, কোর্টের ভার্বাল অর্ডার ইজ অলসো অর্ডার।'

তিনি আরও বলেন, 'সুতরাং, যেখানে চেম্বার জাজই ইন্টারফেয়ার করেননি, সেখানে তো কোনো ডিপার্টমেন্টের ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নেই।'

এর আগে গত ১০ সেপ্টেম্বর গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দেন হাইকোর্ট।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষয়ে জারি করা রুল খারিজ করে আদালত এ রায় দেন।

আপনার মন্তব্য

আলোচিত