১৪ অক্টোবর, ২০২৬ ১২:৫৭
ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে প্রতিষ্ঠানটির ইউনিট-২-এ আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরেকটি চারতলা ভবনে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস স্টেশনের ১৬টি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, বুধবার সকাল ১০টা ১৪ মিনিটে আগুন লাগে । এর ১ মিনিট পর, সকাল ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিস পায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন থেকে ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। সকাল ১০টা ২৫ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরও জানান, একটি ঔষধ কোম্পানীর কারখানায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজে যোগ দিয়েছে। আরও ২টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে।
প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, প্রথমে ড্রাগ ইন্টারন্যাশনালের একটি ভবনে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের পেনসিলিং ভবনের চারতলায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। কারখানার ভেতরে ওষুধ, কেমিক্যাল, ধাতব পদার্থ, উৎপাদনসংশ্লিষ্ট যন্ত্রপাতি ও বিভিন্ন শিল্পসামগ্রী থাকায় আগুনের বিস্তার ও ক্ষয়ক্ষতির আশঙ্কা বেড়েছে।
তথ্য অনুযায়ী, আগুনের তীব্রতা এতটাই বেশি যে কারখানার ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যাচ্ছে। আগুনের প্রচণ্ড তাপ, ঘন ধোঁয়া ও কেমিকেলের তীব্র গন্ধে আশপাশে অবস্থান করাও কঠিন হয়ে পড়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন দিক থেকে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আপনার মন্তব্য