সিলেটটুডে ডেস্ক

০৫ নভেম্বর, ২০২৬ ২০:৪২

ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানো শুরুর আশা

মালয়েশিয়ার শ্রমবাজারে আগামী ডিসেম্বর মাসেই বাংলাদেশ থেকে কর্মী যাওয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সঙ্গে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ার শ্রমবাজারে বিনা খরচে (ফ্রি অব কস্ট) কর্মীরা আগে যাবেন। আগামী ডিসেম্বরে কর্মী যাওয়া শুরু হবে।’

তিনি আরও জানান, মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামী দু-এক দিনের মধ্যেই অনুমোদিত ২২টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করা হবে। স্বাস্থ্য পরীক্ষার ফি ৮ হাজার টাকার বেশি নেওয়া হলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের লাইসেন্স বাতিল করা হবে বলেও সতর্ক করেন তিনি।

মালয়েশিয়ার শ্রমবাজারে সব রিক্রুটিং এজেন্সি কাজ করার সুযোগ পাবে উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, ‘দু-চারজন অসাধু ব্যবসায়ীর কারণে সবাই বিতর্কিত হচ্ছেন। তাই সাধারণ মানুষকে ঠকানো থেকে বিরত থাকতে হবে।’


প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এজেন্সিগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। তাদের অধিকাংশই কর্মীপ্রতি অভিবাসন ব্যয় আড়াই থেকে তিন লাখ টাকার মধ্যে রাখার কথা বলেছেন, যা তিনি যুক্তিসংগত বলে মনে করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'ইনশাআল্লাহ, আমরা ডিসেম্বর মাস থেকে কার্যক্রম শুরু করব বলে আশা করছি।'

তিনি আরও বলেন, 'কর্মী পাঠানোর খরচ কমানোর জন্য সরকারকে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে। কর্মীপ্রতি অভিবাসন ব্যয় ২ লাখ ৫০ হাজার টাকার মধ্যে রাখা সম্ভব হলে সামগ্রিক ব্যয় আরও কমে আসবে বলে মনে করছে সরকার।'

মন্ত্রী বলেন, 'আমাদের এই ২ লাখ ৫০ হাজার টাকার মধ্যে থেকে বের হতে হবে।'

আপনার মন্তব্য

আলোচিত