২৭ ফেব্রুয়ারি , ২০১৬ ২০:৫৬
সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম-এর প্রতিবেদককে হুমকি ও গালাগালির জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন সাংবাদিক জাওয়াদ হোসেন নির্ঝর।
জাওয়াদ হোসেন নির্ঝর বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির (জিটিভি) ক্রীড়া প্রতিবেদক হিসেবে কর্মরত।
ফেসবুকে এক ব্লগারকে হুমকি প্রদান নিয়ে প্রতিবেদন প্রকাশের জের ধরে সিলেটটুডে'র প্রতিবেদককে হুমকি ও গালাগালি করেন নির্ঝর।
শনিবার এ ঘটনার জন্য নিশর্ত ক্ষমা প্রার্থনা করে ফেসবুকে স্ট্যাটাস দেন জাওয়াদ হোসেন নির্ঝর। ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের গালাগালিকে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনা বলে স্বীকার করে লিখেছেন, 'না বুঝে এই গালিবর্ষণের অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনাটি ঘটেছে। তবে যেভাবেই ঘটে থাকুক না কেন এর দায় সম্পূর্ণ আমার। আমি এর জন্য নিঃশর্ত ক্ষমাপ্রার্থী। আমি বিশ্বাস করি, নিঃশর্ত ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে সিলেটটুডে'র সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর ইতি ঘটবে।'
এদিকে, ঢাকা কলেজের রসায়ন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী, ব্লগার মিঠুন মজুমদারকে হুমকি প্রদানের ঘটনায় থানায় গিয়ে মুচলেকা প্রদান করেছেন নির্ঝর। ভবিষ্যতে এধরনের কার্যক্রম থেকে বিরত থাকারও অঙ্গীকার করেছেন তিনি। নির্ঝরের ক্ষমা প্রার্থনার পর দু'পক্ষের সম্মতিতে মিঠুনের করা সাধারণ ডায়েরির (জিডি) তদন্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর হারুন-অর-রশিদ হুমকিদাতা সাংবাদিক জাওয়াদ হোসেন নির্ঝর ও হুমকিপ্রাপ্ত ঢাকা কলেজের রসায়ন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী, ব্লগার মিঠুন মজুমদারের থানায় ডেকে নিয়ে মধ্যস্থতা করেন। এসময় নির্ঝর তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তার কাছে ভবিষ্যতে এধরনের কোন কার্যকলাপে জড়িত থাকবেন না- এ মর্মে মুচলেকা দেওয়ার পর সাধারণ ডায়েরির (জিডি) তদন্ত কার্যক্রম আপাত স্থগিত করা হয়।
এ প্রসঙ্গে শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর হারুন-অর-রশিদ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবিষ্যতে আর এরকম কাজ করবেন না মর্মে জাওয়াদ হোসেন নির্ঝর মুচলেকা প্রদান করেছেন। তার মুচলেকার পর দুপক্ষের সম্মতিতে সাধারণ ডায়েরির কার্যক্রম স্থগিত করা হয়। তবে ভবিষ্যতে আর হুমকি প্রদান বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালে এই জিডির সূত্র ধরেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২২ ফেব্রুয়ারি রাতে মিঠুন মজুমদার তার ফেসবুক টাইমলাইনে "ফাল্গুনী পূর্ণিমা খুব ভয়ংকর। এই পূর্ণিমার চাঁদেই সাঈদী সাপের মুখ দেখা যায়। সংখ্যালঘুদের ঘরবাড়ি ভাঙা হয়। কিন্তু কোন বিচার হয়না।" আর এতেই সাম্প্রদায়িক উস্কানি সহ হামলার হুমকি দিয়ে জিটিভি'র সাংবাদিক জাওয়াদ হোসেন নির্ঝর লিখেন - "তোদের মতো টিপিক্যাল সংখ্যালঘুরা এই দেশে ঝামেলাগুলা ক্রিয়েট করস"।
নির্ঝর আরও লিখেন, "তোদের মতো ২/৪ টা ফালতু হিন্দু পিটাইলে সংখ্যালঘু নির্যাতন হয়না।"
এর প্রেক্ষিতে মিঠুন মজুমদার নিজের নিরাপত্তা চেয়ে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শাহবাগ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। সাধারণ ডায়েরি নং -১৫২০।
থানায় করা জিডি কার্যক্রম স্থগিতের বিষয়টি নিশ্চিত করে মিঠুন মজুমদার বলেন, সাংবাদিক নির্ঝর এস আই হারুনের কাছে লিখিতভাবে আমাকে দেয়া হুমকির জন্য ভুল স্বীকার করে এবং ভবিষ্যতে আমার বিরুদ্ধে প্রকাশ্যে বা গোপনে কোনরূপ কার্যক্রম চালাবেনা বলে অঙ্গীকার করে। এমতাবস্থায়, আমি এস আই হারুনকে লিখিতভাবে জিডি স্থগিত করবার কথা জানাই।
মিঠুন আরও জানান, জিডি প্রত্যাহার করা হয়নি। ভবিষ্যতে কোনরূপ হুমকি, হামলা বা ক্ষতিকর কোনকিছুর চেষ্টা হলে উক্ত জিডিকে ভিত্তি করেই ভবিষ্যতে আইনি কার্যক্রম চালানো হবে বলে থানার পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রসঙ্গত, মিঠুন মজুমদারের করা থানার জিডির পর সংবাদের সত্যতা ও তার মন্তব্য নিতে গেলে গত ২৩ ফেব্রুয়ারি সাংবাদিক নির্ঝরের অকথ্য গালাগালের শিকার হন সিলেটটুডের প্রতিবেদক। সংবাদ প্রকাশের আগে ও পরে একাধিকবার তিনি অশ্লীল বাক্যবাণে বিদ্ধ করেন প্রতিবেদককে। তখন নির্ঝর হুমকি দিয়ে বলেন, 'এই তোদের ঠিকানা দে, পিটিয়ে টুডেকে টুমরো বানিয়ে দেবো'।
তখন নির্ঝর নিজেকে জাতীয় সাংবাদিক দাবি করে বলেছিলেন, 'আমার বায়োডাটা দ্যাখ, আমি কি করতে পারি বুঝাব। তোরা টাকার জন্যে ফোন দিছিস, ধান্দাবাজি করস? আমি হুমকি দিলে তোদের কি, তোরা কি জাতীয় মিডিয়া?'
আপনার মন্তব্য