সিলেটটুডে ডেস্ক

২৮ ফেব্রুয়ারি , ২০১৬ ১৭:৩৮

অতিরিক্ত অর্থ আদায় : ১২০৯ স্কুলকে কারণ দর্শানোর নোটিশ

২০১৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া ১২০৯টি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার (২৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানান, ৩০ দিনের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে ওই সব প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি বাতিল করা হবে।

গত বুধবার (২৪ ফেব্রুয়ারি) এসএসসি পরীক্ষায় ফরম পূরণ ও ভর্তি বাবদ অতিরিক্ত ফি আদায়ে অভিযুক্ত এসব শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। অভিযুক্ত যেসব শিক্ষা প্রতিষ্ঠান সন্তোষজনক জবাব দেবে না সেগুলোর প্রধান শিক্ষকের এমপিও স্থগিতসহ বিদ্যালয় ম্যানেজিং কমিটি ভেঙে দেওয়ার কথা বলা ছিল নির্দেশে।

এ বিষয়ে রোববার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী জানান, সারা দেশে অভিযুক্ত ৩০৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৮৩০টি জানিয়েছে, তারা অতিরিক্ত অর্থ ফেরত দিয়েছে। আর ৯৯৯টি জানিয়েছে তারা বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ নেয়নি।

এসব শিক্ষা প্রতিষ্ঠানের দাবি প্রমাণিত না হলে সেগুলোর ম্যানেজিং কমিটি ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এসএসসি পরীক্ষার ফরম পূরণে বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠার পর ৩ ফেব্রুয়ারি ওই প্রতিষ্ঠান সমূহকে ৭ কর্মদিবসের মধ্যে অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ওই সময়ই মন্ত্রণালয়ের নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়েছিল।

ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত মাসিক বেতন নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রতিবেদন দিয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন,  সরকারের আরেকটি মাধ্যমে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। সেসব তথ্য এখন যাচাই-বাছাই করা হচ্ছে। সেই অনুযায়ী পরে ব্যবস্থা নেওয়া হবে।

আইন অনুসারে সরকার কর্তৃক ভর্তি নীতিমালা না মানা প্রতিষ্ঠান সমূহের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। এর মধ্যে প্রতিষ্ঠানের প্রাথমিক পাঠদান ও একাডেমিক স্বীকৃতি বাতিল, নতুন নবায়ন বন্ধ, নবম ও একাদশ শ্রেণীতে শিক্ষার্থীদের নিবন্ধন না করা, শিক্ষকদের এমপিওভুক্তি বাতিল করা, প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি ভেঙে দেওয়া, অধ্যক্ষকে বরখাস্ত করা ও তার এমপিওভুক্তি স্থগিত বা বাতিল করার মতো ব্যবস্থা রয়েছে।

তবে এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগে প্রতিষ্ঠানগুলোতে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিধান রয়েছে। সেই নোটিশই এবার জারি করল শিক্ষা মন্ত্রণালয়।

আপনার মন্তব্য

আলোচিত