নিউজ ডেস্ক

০৫ মার্চ, ২০১৬ ১৭:৩৬

মাকে জড়িয়ে আরও ২ শিশু খুনের পৃথক অভিযোগ

এবার কিশোরগঞ্জ ও বরিশালে পৃথক ঘটনায় মায়ের বিরুদ্ধে দুই শিশু সন্তান হত্যার অভিযোগ উঠেছে। রাজধানীর রামপুরা বনশ্রীতে মায়ের হাতে দুই শিশু সন্তান হত্যার অভিযোগের মধ্যেই এ ঘটনা ঘটল।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার পেয়ারাভাঙ্গা গ্রামে মাহাথির মোহাম্মদ নামে দেড় বছরের ছেলেকে গলা কেটে হত্যা করেছেন তার মা।

মাহাথির করিমগঞ্জ উপজেলার টাম্মি আখন্দপাড়া গ্রামের আবুল কালামের ছেলে। তার মা সালমা আক্তার (৩০) মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সালমা আক্তার সপ্তাহখানেক আগে বাবার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার পেয়ারাভাঙ্গা গ্রামে যান। শনিবার সকালে ছেলে মাহাথির ঘরের মেঝেতে খেলা করছিল। হঠাৎ সে পড়ে গিয়ে চিৎকার শুরু করে। এরপর মা সালমা ঘরে ঢুকে ছুরি দিয়ে সন্তানকে গলা কেটে হত্যা করে। আশপাশের লোকজন ছুটে এসে মাহাথিরের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং ছুরিসহ সালমাকে আটক করে। সদর থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মা সালমা আক্তারকে আটক করা হয়েছে।

এদিকে বরিশালের উজিরপুরে ৪ বছরের কন্যা সন্তানকে হত্যার অভিযোগে শুক্রবার মায়ের বিরুদ্ধে মামলা করেছেন ওই শিশুর পিতা। নিহত শিশু বাক প্রতিবন্ধী স্বপ্না খানম মম ওই উপজেলার কমলাপুর গ্রামের ইমরান হোসেন মিলনের কন্যা।

মামলা সূত্রে জানা গেছে, ইমরান উপজেলার গুঠিয়া ইউনিয়নের তেরদ্রোন গ্রামের মালেক সরদারের কন্যা নাজমাকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে ৪ বছরের একটি বাক প্রতিবন্ধী কন্যা সন্তান রয়েছে। সম্প্রতি নাজমা স্বামী ইমরানের সঙ্গে ঝগড়া করে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস শুরু করেন।

গতকাল শুক্রবার সকালে মম মারা গেছে বলে ইমরানকে খবর দেয়া হয়। তবে মমর পিতা ইমরান হোসেন অভিযোগ করেন, তার স্ত্রী নাজমা পরিকল্পিতভাবে তার কন্যা সন্তানকে হত্যা করেছে। থানায় মৌখিক অভিযোগ দেয়ার পর পুলিশ শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।

আপনার মন্তব্য

আলোচিত